, ,

ব্রাহ্মণবাড়িয়ার সদর উত্তর সুহিলপুরে সুদ ঋণ  নেওয়া টাকার চাপে নির্মাণ শ্রমিকের আত্মহত্যা

নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সুদের টাকা ও ঋণের বোঝার চাপ সহ্য করতে না পেরে আল আমিন (৪০) নামে এক নির্মাণ শ্রমিক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছে তার পরিবার।

বুধবার (২৯ জুলাই) ভোররাত প্রায় ৪.৫০ মিনিটের দিকে উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন ওই গ্রামের আব্দুস সালামের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও দুই সন্তানের জনক।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার ভোররাতে পরিবারের স্ত্রী-সন্তানদের অগোচরে ছোট ভাই হৃদয়ের শোবার ঘরে গিয়ে কাঠের তীরের সঙ্গে রশি বেঁধে ফাঁস নেন আল আমিন। পরে বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের ছোট ভাই হৃদয় অভিযোগ করেন, প্রায় এক বছর আগে উত্তর সুহিলপুর এলাকার খালেক মিয়ার ছেলে জহিরের কাছ থেকে ৩০ হাজার টাকা সুদে ঋণ নেন আল আমিন। পরে আরও ২৫ হাজার টাকা ঋণ নেন। ওই ঋণের বিপরীতে প্রতি সপ্তাহে ২ হাজার ৫০০ টাকা, অর্থাৎ মাসে প্রায় ১০ হাজার টাকা সুদ পরিশোধ করতে হতো। গত পাঁচ দিন ধরে জহির টাকা পরিশোধের জন্য আল আমিনকে চাপ দিয়ে আসছিলেন। সেই মানসিক চাপ সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে দাবি করেন হৃদয়। এ ঘটনায় তিনি সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পর নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় কেউ অভিযোগ দিলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোঃ নুর আলম সিদ্দিকী
দৈনিক স্বদেশ বিচিত্রা ব্রাহ্মণবাড়িয়া।