এম এইচ মেনান/নীলফামারী: শারদীয় দুর্গোৎসবে নীলফামারীর সৈয়দপুর হয়ে রংপুরের ধর্মসভা ও রাধা গোবিন্দ মন্দির পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গোটা সৈয়দপুর শহরে বইছে আনন্দের আমেজ, চলছে পথঘাট সাজসজ্জা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।
সোমবার (১৯ অক্টোবর) সকালে সৈয়দপুর বিমানবন্দর সড়ক ও শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানাতে বর্ণিল ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড টাঙানো হচ্ছে। সড়কের দুই পাশের ডিভাইডার সংস্কার ও রং করার পাশাপাশি জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। যেসব স্থানে ময়লার স্তূপ ছিল, সেগুলো বালু দিয়ে ঢেকে সুসজ্জিত করা হয়েছে।
ঘোষিত সফরসূচি অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা হবেন এবং বেলা ১১টায় রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দির ও ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে পুনরায় সৈয়দপুর বিমানবন্দরে ফিরে বিমানযোগে রাজশাহী এবং পরবর্তীতে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা। এ বিষয়ে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী সৈয়দপুর হয়ে সড়কপথে রংপুর যাবেন। তাঁর আগমন ঘিরে আমরা অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত। তাঁকে বরণ করে নিতে আমরা পুরোপুরি প্রস্তুত।
রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আক্তার জানান, প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা জানাতে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী সৈয়দপুর পৌরসভার ওপর দিয়ে রংপুরে যাবেন। এজন্য পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে, ডিভাইডার মেরামত ও রং করার কাজ চলছে।”
সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, “মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রস্তুত।







