মোঃ নুর আলম সিদ্দিকী
স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার অবকাঠামোগত উন্নয়নে ১৮৪ কোটি টাকার বেশি ব্যয়ে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আরবান ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের (ইউসিআরআইপি) আওতায় দুই ধাপে এসব উন্নয়নকাজ বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যে প্রস্তাবিত উপপ্রকল্পের তালিকাও তৈরি করা হয়েছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় সড়ক ও ড্রেন নির্মাণ, সেতু ও কালভার্ট নির্মাণ, হাঁটার পথ তৈরি, পুকুর ও জলাশয়ের সৌন্দর্যবর্ধন, সড়কবাতি স্থাপন, ডাম্পিং স্টেশন ও পার্ক নির্মাণসহ বিভিন্ন উন্নয়নকাজ করা হবে। প্রথম ধাপে প্রায় ১০০ কোটি টাকা এবং দ্বিতীয় ধাপে প্রায় ৮৪ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে।
প্রকল্পের আওতায় দুই ধাপে পৌর এলাকার বিভিন্ন সড়ক সংস্কার, ছয়টি পুকুর ও জলাশয়ের সৌন্দর্যবর্ধন এবং সোলার সড়কবাতি স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। এ ছাড়া প্রথম ধাপে প্রায় আট কোটি টাকা ব্যয়ে ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ রয়েছে। দ্বিতীয় ধাপে সাত কোটি টাকা ব্যয়ে পার্ক নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। হাঁটার পথ তৈরিতেও প্রায় সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে।
পৌরসভার আরেকটি পরিকল্পনার মধ্যে রয়েছে উপজেলা পরিষদের সামনে থেকে ঢাকা হোটেল পর্যন্ত কালন্দি খালের ওপর বক্স কালভার্ট নির্মাণ। সেখানে সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি উপজেলা পরিষদের সামনের খালের অতিরিক্ত অংশ সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে বিশেষ বরাদ্দে পৌর এলাকায় কসাইখানা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সড়কবাজার ও বড়বাজার এলাকার সড়কের কাজ এবং কিচেন মার্কেটের কাজও করা হয়েছে বলে পৌরসভা সূত্রে জানা গেছে। এ ছাড়া হকার্স মার্কেট, রেলস্টেশন থেকে বের হওয়ার রাস্তা ও কিছু ড্রেন নির্মাণ করা হয়েছে। যেসব ড্রেনে স্ল্যাব ছিল না, সেগুলোতেও স্ল্যাব বসানো হচ্ছে।
আখাউড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া বলেন, আখাউড়া একটি প্রাচীন জনপদ হলেও এখানে তেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি। প্রস্তাবিত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পৌরবাসী উন্নত অবকাঠামো ও নাগরিক সুবিধা পাবেন।
তিনি আরও বলেন, আখাউড়া পৌর শহরকে নতুনভাবে সাজানো এবং নাগরিক জীবন সহজ ও সুন্দর করার লক্ষ্যেই এসব প্রকল্প নেওয়া হয়েছে। শিগগিরই প্রথম প্রকল্পের বরাদ্দ পাওয়া যাবে বলে আশা করছেন তাঁরা। সারাদেশের চারটি পৌরসভার মধ্যে আখাউড়াও এ প্রকল্পের তালিকায় রয়েছে বলে জানান তিনি।
প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পৌর এলাকার যোগাযোগব্যবস্থা, পানি নিষ্কাশন ও নাগরিক সুবিধার উন্নয়ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।







