তিন প্রতিষ্ঠানকে ‘সাউথ এশিয়া ভিশনারিজ অ্যান্ড ক্রিয়েটরস অ্যাওয়ার্ড–২০২৬’ প্রদান
সাউথ এশিয়া সাহিত্য পরিষদের অভিষেক অনুষ্ঠান উপলক্ষে সমাজসেবা, মানবিক কর্মকাণ্ড ও শিক্ষা বিস্তারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনটি প্রতিষ্ঠানকে ‘সাউথ এশিয়া ভিশনারিজ অ্যান্ড ক্রিয়েটরস অ্যাওয়ার্ড–২০২৬’ প্রদান করা হয়েছে।
গতকাল রাজধানীর মিরপুর-২ এলাকার ৫/১, পশ্চিম মনিপুর, বড়বাগে অবস্থিত মদিনাতুল উলুম মডেল মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে সম্মাননা তুলে দেন সাউথ এশিয়া সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আজগর হোসেন।
সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো— মেহেরা রশিদ ফাউন্ডেশন (এম.আর.এফ), মদিনাতুল উলুম মডেল মাদ্রাসা ও এতিমখানা এবং শাইনিং স্টার স্পেশাল স্কুল।
মেহেরা রশিদ ফাউন্ডেশনের পক্ষে সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার এ.কে. জাহিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদিনাতুল উলুম মডেল মাদ্রাসার মোহতামিম মাওলানা আবু হানিফ, বেঙ্গল ইনসুরেন্স ফাউন্ডেশনের ডেপুটি প্রজেক্ট কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, শিক্ষক হাফেজ আসাদুল্লাহ, হাফেজ মোঃ সিয়াম, দৈনিক স্বদেশ বিচিত্রার ফটোসাংবাদিক তৌসিফ শেখসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাউথ এশিয়া সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আজগর হোসেন বলেন, “যারা নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করেন, তাদের সম্মান জানানোই আমাদের দায়িত্ব। এই অ্যাওয়ার্ড শুধু একটি সম্মাননা নয়, এটি মানবিক কাজে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।”
সম্মাননা গ্রহণ করে ইঞ্জিনিয়ার এ.কে. জাহিদ বলেন, “এই সম্মাননা আমার একার নয়, এটি মেহেরা রশিদ ফাউন্ডেশনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীর। মানুষের পাশে দাঁড়ানোটাই আমাদের সবচেয়ে বড় ধর্ম। এই স্বীকৃতি আগামী দিনে আরও বড় পরিসরে মানবিক কাজ করতে আমাদের সাহস ও অনুপ্রেরণা জোগাবে।”
মাওলানা আবু হানিফ বলেন, “এতিম ও অসহায় শিশুদের শিক্ষা দেওয়া শুধু দায়িত্ব নয়, এটি একটি মহৎ ইবাদত। আজকের এই সম্মাননা আমাদের শিক্ষক, শিক্ষার্থী ও দাতাদের আরও উৎসাহিত করবে।”
মোঃ সাজ্জাদ হোসেন বলেন, “সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে এভাবে সম্মানিত করা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ।”
শিক্ষক হাফেজ আসাদুল্লাহ বলেন, “আমাদের শিক্ষার্থীরা আজ প্রত্যক্ষ করল যে ভালো কাজেরও যথাযথ স্বীকৃতি ও সম্মান রয়েছে। এটি তাদের জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে থাকবে।”
হাফেজ মোঃ সিয়াম বলেন, “আমরা লেখাপড়া শিখে ভবিষ্যতে বড় হয়ে মানুষের সেবা করতে চাই। আজকের এই আয়োজন আমাদের স্বপ্নকে আরও বড় করেছে।”
দৈনিক স্বদেশ বিচিত্রার ফটোসাংবাদিক তৌসিফ শেখ বলেন, “সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবাকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় ও ব্যতিক্রমী। এ ধরনের মানবিক আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।”
অনুষ্ঠান শেষে অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা সমাজের কল্যাণে মানবিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে আরও গতিশীল করতে এ ধরনের সম্মাননা আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।







