নিজস্ব প্রতিবেদক: ঢাকার কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে কবিতা ও সাহিত্যের মাধ্যমে তুলে ধরার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো ‘১ম ঢাকা কবিতা উৎসব ২০২৬’। উৎসবে সভাপতিত্ব করেন কবিসংসদ বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান, দেশের অন্যতম প্রধান কবি ও সমাজবিজ্ঞানী মু. নজরুল ইসলাম তামিজী।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ঢাকাস্থ কবি জসীমউদ্দীনের বাসভবনে কবিসংসদ বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ উৎসবে কবিতা, গল্প, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ঢাকার বহুমাত্রিক কৃষ্টি ও ঐতিহ্য তুলে ধরা হয়।
সভাপতির বক্তব্যে কবি মু. নজরুল ইসলাম তামিজী বলেন, ঢাকার কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে এ শহরের মানুষের জীবন, ভাষা, স্মৃতি ও ঐতিহ্য গভীরভাবে যুক্ত। ঢাকার নিজস্ব ভাষাভঙ্গি ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যকে সাহিত্যে ধারণ ও সংরক্ষণ করা জরুরি। কবিতা কেবল নান্দনিকতার প্রকাশ নয়; একটি জনপদের ইতিহাস, মানুষের জীবন, সংস্কৃতি ও আত্মপরিচয়ও কবিতার মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেওয়া সম্ভব।
তিনি বলেন, ঢাকার ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাহিত্যিকদের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। বিশেষ করে ঢাকাইয়া আঞ্চলিক ভাষা ও পুরান ঢাকার জীবন-সংস্কৃতির নানা অনুষঙ্গ সাহিত্য ও কবিতায় সংরক্ষিত হলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক দলিল হয়ে থাকবে।
উৎসবে ঢাকার ভাষা ও সংস্কৃতির বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরেন ঢাকাইয়া কবি ও নাট্যজন লুৎফুল আহসান বাবু। তিনি ঢাকাইয়া আঞ্চলিক ভাষায় কবিতা ও গল্প উপস্থাপনের পাশাপাশি ঢাকার ভাষা, জীবনযাপন ও সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে আলোচনা করেন। তাঁর পরিবেশনায় পুরান ঢাকার কথ্যভাষা ও জনজীবনের নানা চিত্র ফুটে ওঠে।
অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন শিকদার, খুরশিদ আনোয়ার জসীমউদ্দিন, কবি মো. জাহিদ হোসেন, কবি তারিক সজীব ও কবি বাপ্পি সাহা প্রমুখ।
উৎসবের কবিকণ্ঠে কবিতা পাঠ পর্বে অংশ নেন কবি রলি আক্তার, কবি ফারুক প্রধান, কবি তাসলিমা আক্তার, কবি আবদুর রহিম লপ্তী ও সাখের আহমেদ বিপ্লব প্রমুখ। তাঁদের কবিতা পাঠে ঢাকার নাগরিক জীবন, ইতিহাস, ঐতিহ্য, মানুষের আবেগ ও সমকালীন বাস্তবতার বিভিন্ন দিক উঠে আসে।
অনুষ্ঠান পরিচালনা করেন কবিসংসদ বাংলাদেশের সাধারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনক।
আয়োজকেরা জানান, ঢাকার নিজস্ব ভাষা, জীবনধারা, লোকাচার, স্থাপত্য, খাদ্যসংস্কৃতি, স্মৃতি ও বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যকে সাহিত্য ও কবিতার মাধ্যমে সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এ উৎসবের অন্যতম লক্ষ্য।
কবি জসীমউদ্দীনের স্মৃতিবিজড়িত বাসভবনে আয়োজিত ১ম ঢাকা কবিতা উৎসব ২০২৬ ঢাকার কৃষ্টি ও সংস্কৃতিকে কবিতার ভাষায় তুলে ধরার পাশাপাশি ঢাকার সাহিত্য-সংস্কৃতির নিজস্ব স্বরকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে।






