, ,

বর্ষা ফিরছে উৎসবের মঞ্চে: রবীন্দ্র সরোবরে প্রথম ‘বর্ষা মঙ্গল উৎসব’ ২৫ জুলাই

নিউজটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: বাংলার ছয় ঋতুর অন্যতম প্রাণবন্ত ঋতু বর্ষাকে ঘিরে নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই আগামী ২৫ জুলাই (৯ শ্রাবণ ১৪৩৩), শনিবার রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বর্ষা মঙ্গল উৎসব’। বিকেল ৩টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত চলবে এই আয়োজন।

আয়োজক বর্ষা মঙ্গল পর্ষদ জানিয়েছে, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদের সম্মিলিত উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়েছে। তাদের পরিকল্পনা অনুযায়ী, এটি শুধু একদিনের অনুষ্ঠান নয়; বরং ভবিষ্যতে প্রতিবছর দেশব্যাপী আরও বৃহৎ পরিসরে বর্ষা উৎসব উদযাপনের একটি সাংস্কৃতিক আন্দোলনে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

আয়োজকদের মতে, ঋতুভিত্তিক উৎসব বাংলার হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তবে নাগরিক জীবনের ব্যস্ততায় এখন পহেলা বৈশাখ ছাড়া অন্যান্য ঋতুর উৎসব অনেকটাই হারিয়ে যেতে বসেছে। এই প্রবণতা দীর্ঘমেয়াদে জাতিকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবাহিকতা থেকে দূরে সরিয়ে দিতে পারে বলে তারা মনে করছেন।

তাদের ভাষ্য, বর্ষা মঙ্গল উৎসবের মূল লক্ষ্য হলো বাংলাদেশের লোকজ সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনচেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। পাশাপাশি বর্তমান সময়ে অপসংস্কৃতির আগ্রাসনের বিপরীতে দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা এবং গর্ববোধ জাগিয়ে তোলাও এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এতে মানুষ নিজের সাংস্কৃতিক শিকড়, ইতিহাস এবং বাঙালি পরিচয়কে নতুনভাবে স্মরণ ও উদযাপনের সুযোগ পাবে বলে আশা করছেন তারা।

উৎসবজুড়ে থাকবে বর্ষাকে কেন্দ্র করে নানা সাংস্কৃতিক পরিবেশনা। দর্শকরা উপভোগ করতে পারবেন বর্ষার গান, আবৃত্তি, নৃত্য এবং বাংলার চিরায়ত লোকসংস্কৃতির বিভিন্ন পরিবেশনা। এছাড়া জারি, সারি, ভাটিয়ালি ও লোকঐতিহ্যের অন্যান্য অনুষঙ্গও থাকবে অনুষ্ঠানে।

আয়োজকরা দেশের সংস্কৃতি ও ঐতিহ্যপ্রেমী মানুষকে সপরিবারে ও সবান্ধব অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের বিশ্বাস, এই উৎসব কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়; বরং বাংলার ঋতুভিত্তিক ঐতিহ্য পুনর্জাগরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠতে পারে।

সংস্কৃতিবিদদের মতে, বিশ্বায়নের এই সময়ে নিজস্ব সংস্কৃতির চর্চা ও সংরক্ষণ জাতীয় পরিচয়কে শক্তিশালী করে। সে দৃষ্টিকোণ থেকে বর্ষা মঙ্গল উৎসবের মতো উদ্যোগ নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির সঙ্গে আরও গভীরভাবে পরিচিত করার একটি ইতিবাচক প্রচেষ্টা হিসেবে বিবেচিত হতে পারে।