শৃঙ্খল ভাঙার অঙ্গীকার
মোঃ আমির হোসেন,
শ্রমের শিরায় জমেছে অবহেলার বিষের শিশি
যোগ্যতার কবরজুড়ে স্বজনপ্রীতির কৃষ্ণ নিশি।
সনদের বোঝা বুকে নিয়ে ঘুরছে যুবকের দল
কর্মহীনতার দহনজ্বালায় পুড়ছে অবিরল।
কারখানার চিমনি নীরব, থেমে গেছে চাকা
নিয়োগের দরজায় ঘুষের পাহারায় ভাগ্য ঢাকা।
মেধার বদলে টাকার জোরে খুলছে ভাগ্যের দ্বার
যোগ্যতার বুক চিরে হাসে দুর্নীতির কারবার।
ক্ষুধার মুখে প্রতিশ্রুতির রঙিন পোস্টার ঝোলে
বেকারের দীর্ঘশ্বাস আজ রাজপথে আগুন তোলে।
হে রাষ্ট্র! আর কতকাল চলবে ছলনার এই খেলা
কত যুবকের স্বপ্ন পুড়লে ভাঙবে বঞ্চনার মেলা।
মনে রেখো, ক্ষুধার আগুন নেভে না আশ্বাসে
বঞ্চিতের বিদ্রোহ জেগে ওঠে প্রতিটি দীর্ঘশ্বাসে।
যে হাত আজ কাজের আশায় ফেরে পথে পথে
সে হাতই শৃঙ্খল ভাঙবে বজ্রকণ্ঠের শপথে।
করুণা নয়, অনুগ্রহ নয়, চাই না দয়ার দান
যোগ্যতার ন্যায্য মূল্য, এটাই গণদাবির স্লোগান।
কর্ম চাই, ন্যায্য অধিকার, ভাঙুক শোষণজাল
শ্রমের মর্যাদা প্রতিষ্ঠায় জ্বলুক বিপ্লবের মশাল।
ওঠো বেকার, জাগো তরুণ, ভাঙো ভয়ের দেয়াল
শোষণের দুর্গ ভেঙে দাও, দূর করো সব জঞ্জাল।
কলম হোক হাতিয়ার, কণ্ঠে উঠুক হুঙ্কার
অধিকার আদায়ের সংগ্রাম হোক দুর্বার অঙ্গীকার।







