নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাগড়া গ্রাম থেকে নিখোঁজ দুই স্কুলছাত্রী বান্ধবীর কোনো খোঁজ এখনো মেলেনি। গত ৩১ ডিসেম্বর ২০২৫ সালের সকালে নিখোঁজ হওয়ার পর এ ঘটনায় ২০ দিন পার হলেও তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিখোঁজ দুই কিশোরীর একজনের বয়স ১৪ বছর এবং অপরজনের বয়স ১৫ বছর। তারা একই গ্রামের বাসিন্দা ও পরস্পরের ঘনিষ্ঠ বান্ধবী। পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে আনুমানিক সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে তারা নিজ নিজ বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের সময় উভয় স্কুলছাত্রী কালো বোরকা পরিহিত ছিল। এর মধ্যে নাদিয়া রহমান কালো বোরকার ওপর পিংক রঙের ব্লেজার পরেছিল। অপর স্কুলছাত্রী স্বর্ণা কালো বোরকার ওপর জিনসের ব্লেজার পরিহিত ছিল এবং তার কাছে একটি স্কুল ব্যাগ ছিল।
পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ দুই স্কুলছাত্রীর কারও কাছেই মোবাইল ফোন ছিল না। ফলে তাদের সঙ্গে যোগাযোগ করা বা প্রযুক্তিগতভাবে অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছে না। আত্মীয়স্বজন ও পরিচিত স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।এ ঘটনায় নিখোঁজদের পরিবার নেত্রকোনা থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি নং ৪০ ও ৪২) দায়ের করেছে। তবে পর্যাপ্ত প্রযুক্তিগত তথ্যের অভাবে তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দীর্ঘ সময় ধরে দুই কিশোরীর কোনো সন্ধান না মেলায় পরিবারগুলোতে চরম উৎকণ্ঠা ও উদ্বেগ বিরাজ করছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো বাগড়া গ্রাম। এলাকাবাসীও বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী তাদের উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন, এবং তদন্ত কর্মকর্তা জানান, দুই কিশোরীকে খুঁজে পেতে তারা চেষ্টার কোন ত্রুটি করছেন না। তারা এ বিষয়টি খুবই গুরুত্বের সাথে দেখছেন।”
নিখোঁজ দুই স্কুলছাত্রীকে দ্রুত উদ্ধারের জন্য পরিবার ও এলাকাবাসী সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে। কেউ যদি তাদের সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকেন, তাহলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।







