, ,

জুলাই শহীদদের বাংলাদেশের অংশ হিসেবে গ্রহণ করতে হবে: মাহমুদুর রহমান

নিউজটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: জুলাই শহীদদের বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন দৈনিক আমার দেশ-এর সম্পাদক ড. মাহমুদুর রহমান। তিনি বলেছেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জুলাই বিপ্লবের চেতনা ও ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মহানগর নাট্য সংসদের উদ্যোগে আয়োজিত ‘জুলাই নাট্যোৎসব, আলোচনা ও আলোকচিত্র প্রদর্শনী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মাহমুদুর রহমান বলেন, ‘জুলাই শহীদদের বাংলাদেশের অংশ হিসেবে গ্রহণ করতে হবে। সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে বেশি বেশি জুলাই বিপ্লবের চর্চা হওয়া প্রয়োজন।’ চলচ্চিত্র, নাটক, সংগীত, কবিতা ও গল্পের মাধ্যমে আবু সাঈদ যেভাবে বুক চিতিয়ে শহীদ হয়েছেন, সেই ইতিহাস তুলে ধরার ওপরও গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, জুলাইয়ের শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারী সবার অবদান সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তুলে ধরতে হবে। এভাবেই জুলাই বিপ্লবের ইতিহাস ও চেতনাকে জাগরুক রাখা সম্ভব। মহানগর নাট্য সংসদের এমন আয়োজনের প্রশংসা করে তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

মহানগর নাট্য সংসদের কার্যকরী সভাপতি মাহবুব মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অভিনেতা আব্দুল আজিজ, বিশিষ্ট সাংস্কৃতিক পৃষ্ঠপোষক দেলাওয়ার হোসাইন, কিডস ক্রিয়েশন অনলাইন টিভির সিইও শরীফ বায়েজিদ মাহমুদ, বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান এবং জুলাই শহীদ সৈকতের বোন শ্রাবন্তি।

নাট্য নির্মাতা হুসনে মোবারকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে ‘গারদের বন্দি’, ‘হাফেজ জুবায়ের’ ও ‘৩৬ জুলাই’—এই তিনটি নাটক মঞ্চস্থ হয়। পাশাপাশি সকাল থেকে জাতীয় নাট্যশালায় জুলাই আন্দোলন ও সংশ্লিষ্ট ঘটনাবলির আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

আয়োজকেরা জানান, নাটক ও আলোকচিত্রের মতো সাংস্কৃতিক মাধ্যমের মধ্য দিয়ে জুলাইয়ের ইতিহাস, আত্মত্যাগ ও গণঅভ্যুত্থানের বিভিন্ন দিক তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।