, ,

কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নিউজটি শেয়ার করুন

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) কেশবপুরের আবু শরাফ সাদেক অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আয়োজিত সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, সার্বিক প্রস্তুতি ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। সভায় কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হাফিজুর রহমান হাফিজ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক এবং উপজেলার ১০২টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুর সাঈদ, এনপিপির আহ্বায়ক সম্রাট হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এছাড়া কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সুকুমার সাহা এবং পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি বিশ্বজিৎ চৌধুরীসহ বিভিন্ন পূজা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, গুজব ও অপপ্রচারে কান না দেওয়া এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি দেখা দিলে দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান।

তিনি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিজ নিজ মণ্ডপের সার্বিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।

সভায় ১০২টি পূজামণ্ডপের প্রতিনিধিরা তাদের প্রস্তুতি ও বিভিন্ন প্রয়োজনীয় বিষয় তুলে ধরেন। প্রশাসনের পক্ষ থেকে পূজার সময় সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

বক্তারা বলেন, কেশবপুরের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রেখে সকলের সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে হবে।