স্টাফ রিপোর্টার: আসন্ন কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সাবেক ভিপি ও জনতার মেয়র হিসেবে পরিচিত হাজী মো. ইসরাঈল মিঞা।
শনিবার (১১ জুলাই) বিকেল ৫টায় শহরের সতাল কলেজিয়েট স্কুল মাঠে ৭ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সভায় সভাপতিত্ব করেন আব্দুল আহাদ মানিক এবং সঞ্চালনা করেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির ভূঁইয়া। এতে ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা অংশ নেন।
বক্তারা বলেন, কিশোরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় এলাকা। এ ওয়ার্ডের সার্বিক উন্নয়ন এবং নাগরিক সেবা নিশ্চিত করতে দক্ষ, সৎ ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। তারা রাস্তাঘাটের উন্নয়ন, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, যানজট নিরসন, মাদক নিয়ন্ত্রণ এবং নাগরিক ভোগান্তি দূরীকরণে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তব্য রাখেন এটিএম মোস্তফা, নিজাম উদ্দিন নয়ন, খায়রুল ইসলাম, শাহাদাৎ হোসেন মন্টু, হাজী আ. কাউয়ুম, অ্যাডভোকেট গৌরাঙ্গ চন্দ্র সরকার, মো. শামীম, আতিকুল ইসলাম শামীম, তারেকুজ্জামান প্যানেল, দীন মোহাম্মদ উজ্জ্বল, ছাত্রদলের সভাপতি শরিফুল নিশাদ, ওয়ালি উল্লাহ রাব্বানী তকি, হাজী রফিকুল ইসলাম বাবুল, বাদলুর রহমান বাদল, মাওলানা মোহাম্মদ কাউয়ুম জামিসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে হাজী মো. ইসরাঈল মিঞা বলেন, “জনগণ আমাকে নির্বাচিত করলে কিশোরগঞ্জ পৌরসভাকে যানজটমুক্ত, মাদক ও সন্ত্রাসমুক্ত এবং নরসুন্দা নদী দখলমুক্ত করার লক্ষ্যে কাজ করব। পাশাপাশি আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা এবং নাগরিকদের জন্য একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব।”
তিনি আরও বলেন, “জনগণের আস্থা, ভালোবাসা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, পরিচ্ছন্ন, পরিকল্পিত এবং জনবান্ধব কিশোরগঞ্জ পৌরসভা গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।”
মতবিনিময় সভা শেষে উপস্থিত ওয়ার্ডবাসী বিভিন্ন নাগরিক সমস্যা তুলে ধরেন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।







