, ,

মাধবপুরে ৫ হাজার তালবীজ রোপণ, অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি

নিউজটি শেয়ার করুন

পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুরে এ বছর ৫ হাজার তালবীজ রোপণ করা হয়েছে।

কামরুল ইসলামের উদ্যোগে মানবিক ফাউন্ডেশন ও বুল্লা ইউনিটের সহযোগিতায় উপজেলার বিভিন্ন সড়ক ও এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।

বুল্লা ইউনিট এলাকায় ৯০০টি, আদাঐড় থেকে মাল্লা পর্যন্ত ৭০০টি, গোপালপুর থেকে মিক্তারপুর পর্যন্ত ৮০০টি, সুলতানপুর থেকে শাহপুর পর্যন্ত ১ হাজার ১০০টি, শিবপুর ও গুমটিয়া থেকে নদীর পাড় পর্যন্ত ৩০০টি, জলবাঙ্গা থেকে বানেশ্বর পর্যন্ত ৩০০টি এবং মৌহপুর থেকে গিলাধুলি পর্যন্ত ৯০০টি তালবীজ রোপণ করা হয়।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন মাধবপুরের তত্ত্বাবধানে, মাধবপুর স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় এবং মানবিক ফাউন্ডেশনের আয়োজনে তালবীজ রোপণ কর্মসূচি-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, উপজেলা সার্কেলের সহকারী পুলিশ সুপার রাফিউল ইসলাম এবং মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা। এ সময় মানবিক ফাউন্ডেশনের সদস্য ও স্বেচ্ছাসেবীরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিবেশ সুরক্ষায় তালগাছের গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রমে ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন।

আয়োজকরা জানান, আজকের রোপণ করা তালবীজ ভবিষ্যতে সবুজায়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ভূমিকা রাখবে বলে তাঁদের প্রত্যাশা। এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।