রাজধানীর ডেমরার মিরপাড়ায় অবস্থিত ই. হক স্কুল অ্যান্ড কলেজে উৎসবমুখর পরিবেশে ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি সরদার তমিজউদ্দিন আহমেদ, বিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ করে মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করার আহ্বান জানান। তিনি বলেন, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য লেখাপড়ার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের নিজেদের যোগ্য, দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, যারা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং ভালো ফলাফলের মাধ্যমে নিজেদের যোগ্যতার প্রমাণ দেবে, তাদের পাশে তিনি ভবিষ্যতেও থাকবেন। শিক্ষার্থীদের শিক্ষা ও উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ই. হক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল কাশেম।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং ক্লাস পার্টির আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে শেষ হয়।







