হাওরের কৃষিজমি রক্ষা করে বিকল্প স্থানে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের দাবি
‘হাওর-নদী ও পরিবেশ রক্ষা করো বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজারের প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজারের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজারের সদস্যসচিব এম খসরু চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আ স ম সালেহ সোহেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উবিনীগের নির্বাহী পরিচালক ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওর ও জলাভূমি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা তানভীরুল হক।
সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সয়েল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কাশেম, রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন, মৌলভীবাজার মহিলা সমিতির সভাপতি ডা. দিলশাদ পারভীন চৌধুরী, মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যাপক মো. সেলিম তালুকদার, অ্যাডভোকেট ও জিপি মামুনুর রশীদ মামুন, শাহ সাহেদা আক্তার, হাওর কালচার স্টাডি অ্যান্ড রিসার্চ একাডেমির চেয়ারম্যান সজল কান্তি সরকার, জালালাবাদ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ মৌলভীবাজারের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা সৈয়দ কামাল আহমদ বাবু এবং মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক ও সংগঠনের উপদেষ্টা বকসি ইকবাল আহমদসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা।
এ ছাড়া বক্তব্য দেন বড়লেখা উপজেলার আহ্বায়ক মো. নজরুল ইসলাম, জুড়ী উপজেলার আহ্বায়ক মো. মুহিবুর রহমান মুহিব, কুলাউড়া উপজেলার আহ্বায়ক আব্দুর রহিম বাচ্চু, রাজনগর উপজেলার সভাপতি সামছুদ্দিন মাস্টার, কমলগঞ্জ উপজেলার আহ্বায়ক সাইফুর রহমান, শ্রীমঙ্গল উপজেলার আহ্বায়ক কাওসার ইকবাল, সদর উপজেলা আহ্বায়ক মাওলানা গোলাম হোসেন, কাজী তোয়েল আহমদ, সিলেটের হাওর প্রতিনিধি শামীম আহমদ, ব্রাহ্মণবাড়িয়ার হাওর প্রতিনিধি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. এনামুল হকসহ অনেকে।
সম্মেলনে বক্তারা কাউয়াদিঘী ও হাইল হাওরের মধ্যবর্তী কৃষিজমির শ্রেণি পরিবর্তন করে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা পুনর্বিবেচনার দাবি জানান। তাঁরা বলেন, নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন অবশ্যই প্রয়োজন, তবে সে জন্য কৃষিজমি, প্রাকৃতিক জলাভূমি ও হাওরের জীববৈচিত্র্য ধ্বংস করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে সৌরবিদ্যুতের মতো পরিচ্ছন্ন জ্বালানির বিকল্প নেই। তবে হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন মেনে বিদ্যুৎ উৎপাদনের জন্য কৃষিজমির পরিবর্তে অনাবাদি ও উপযুক্ত অকৃষি জমি নির্বাচন করতে হবে। সৌরবিদ্যুৎ উৎপাদনের বিরোধিতা নয়, বরং পরিবেশ ও কৃষির ক্ষতি কমিয়ে বিকল্প স্থানে প্রকল্প বাস্তবায়নই সময়ের দাবি।
তাঁরা বলেন, মৌলভীবাজারের প্রাকৃতিক পরিবেশ ও ভারসাম্য রক্ষায় হাওর, নদী, পাহাড়, টিলা, চা-বাগান, পাহাড়ি ছড়া, খাল-বিল ও বনাঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জেলার উজান অঞ্চলের পাহাড়-জঙ্গল ও চা-বাগান যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তেমনি ভাটি অঞ্চলের হাওরগুলো পানি ধারণ, কৃষি উৎপাদন, মৎস্যসম্পদ এবং জলজ প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে এসব হাওর স্থানীয় মানুষের জীবন-জীবিকার অন্যতম প্রধান ভিত্তি।
বক্তাদের দাবি, ইতোমধ্যে হাকালুকি, কাউয়াদিঘী ও হাইল হাওরসহ জেলার বিভিন্ন হাওরাঞ্চলে সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য প্রায় দুই হাজার একরের বেশি জমি কেনা হয়েছে। এসব জমির প্রকৃতি, ভূমির শ্রেণি, জলাভূমির সঙ্গে সংযোগ এবং প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য পরিবেশগত প্রভাব নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।
তাঁরা জানান, প্রাথমিক হিসাব অনুযায়ী, মৌলভীবাজার জেলায় ৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রায় পাঁচ হাজার একর খোলা ভূমির প্রয়োজন হতে পারে। এ ক্ষেত্রে হাওরের কৃষিজমি ও জলাভূমির পরিবর্তে মনু সেচ প্রকল্পের অব্যবহৃত বা উপযুক্ত ভূমি ব্যবহারের সম্ভাবনা যাচাই করার আহ্বান জানান তাঁরা। এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, পানি উন্নয়ন কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর ও প্রকৌশলীদের সমন্বয়ে বিস্তারিত সমীক্ষা পরিচালনার ওপরও গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ফরিদা আক্তার বলেন, মৌলভীবাজারের পরিবেশ, কৃষি, মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্যের সঙ্গে হাওর, নদী ও জলাভূমির সম্পর্ক অত্যন্ত নিবিড়। হাকালুকি হাওরসহ জেলার বিভিন্ন জলাভূমি শুধু প্রাকৃতিক সম্পদ নয়, বরং লাখো মানুষের জীবন-জীবিকা, কৃষি, মৎস্য আহরণ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ ভিত্তি।
তিনি বলেন, জলাভূমি ভরাট, অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ, দূষণ, দখল, প্রাকৃতিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়া এবং জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব হাওরাঞ্চলের পরিবেশগত ভারসাম্যের জন্য উদ্বেগজনক। এ পরিস্থিতি মোকাবিলায় হাওর ও নদীর স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করা, জলাভূমি দখল ও দূষণ প্রতিরোধ, দেশীয় মাছের প্রজননক্ষেত্র সংরক্ষণ এবং হাওরনির্ভর মানুষের জীবন-জীবিকা রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে পরস্পরের প্রতিপক্ষ হিসেবে দেখার সুযোগ নেই। বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা, উপযুক্ত ভূমি নির্বাচন এবং স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পাশাপাশি প্রাকৃতিক সম্পদও সংরক্ষণ করা সম্ভব।
আলোচনা পর্ব শেষে অধ্যাপক মো. সেলিম তালুকদারকে সভাপতি এবং এম খসরু চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজার জেলা কমিটি গঠন করা হয়। আগামী দুই বছর (২০২৭-২০২৮) মেয়াদে এ কমিটি দায়িত্ব পালন করবে।
সম্মেলনের শেষ পর্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।







