, ,

ময়মনসিংহে দর্শকের উপচে পড়া ভিড়ে মঞ্চস্থ অনসাম্বল থিয়েটারের ৫০তম প্রযোজনা ‘পুতুলের বিয়ে’

নিউজটি শেয়ার করুন

 

দর্শকের উপচে পড়া ভিড়, শিশু-কিশোরদের উচ্ছ্বাস আর উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহে মঞ্চস্থ হলো অনসাম্বল থিয়েটারের ৫০তম প্রযোজনা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শিশুতোষ নাটক ‘পুতুলের বিয়ে’। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় নগরীর মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে নাটকটির মঞ্চায়ন হয়। নির্দেশনায় ছিলেন নাট্যজন মো. আবুল মনসুর।

 

শিশুদের পুতুলের বিয়েকে কেন্দ্র করে রচিত নাটকটিতে হাস্যরস ও আনন্দের মধ্য দিয়ে উঠে এসেছে সমাজের নানা অসংগতি। কমলির দুই ছেলে পুতুল ফুচুং ও ডালিম কুমারকে ঘিরে বিয়ের আয়োজন, সৌন্দর্যের বিচার, পছন্দ-অপছন্দ এবং মেয়েদের মায়েদের মধ্যে প্রতিযোগিতার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের কাহিনি। চীনা আদলের চেহারার কারণে ফুচুংকে জামাই হিসেবে গ্রহণে অনীহা এবং ডালিম কুমারের সৌন্দর্যকে ঘিরে আকর্ষণ নাটকটিতে হাস্যরসের জন্ম দেয়।

 

নিছক বিনোদনের বাইরে নাটকটিতে নজরুল তুলে ধরেছেন সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহনশীলতা, নারী-পুরুষের সমতা ও মানবিকতার কথা। বাল্যবিবাহ, বহুবিবাহ, ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারের বিরুদ্ধেও রয়েছে তাঁর বক্তব্য। লোকজ ছড়া, গান ও গ্রামীণ জীবনের অনুষঙ্গ শিশুদের কাছে নাটকটিকে আরও আকর্ষণীয় করে তোলে।

 

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মো. ইউসুফ আলী, শাহনাজ নাহিদ খান শম্পা, সাবিনা ইয়াসমিন রুবি, ফারজানা হক নীলা, জাকিয়া সুলতানা শম্পা, প্রিয়াঙ্কা প্রিয়া ও অনুশ্রী সাহা মিষ্টি। সেট ও কস্টিউমে ছিলেন উজ্জ্বল চৌধুরী, আলোক প্রক্ষেপণে অজিত বনিক, সংগীত প্রক্ষেপণে আসাদুজ্জামান রুবেল এবং ঢোলে লালচান। মিলনায়তন ব্যবস্থাপনায় ছিলেন মোশাররফ হোসেন, এস এম জাহাঙ্গীর আলম, দেবল আদিত্য, আলমগীর হোসেন পাভেল, রিপন গোয়ালা অভি ও জয় ঘোষ।

 

বাঁশরীর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. ইঞ্জিনিয়ার মো. খালেকুজ্জামান।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম এ হান্নান খান, গবেষক স্বপন ধর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক সৈয়দ মামুন রেজা, নিরাপদ সড়ক চাইয়ের ময়মনসিংহ জেলা সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্না এবং চিত্রশিল্পী তাপস মজুমদার। এ ছাড়া বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পী, সংগঠক ও সংস্কৃতিপ্রেমীরা উপস্থিত ছিলেন।

 

দর্শকদের ব্যাপক উপস্থিতিতে মিলনায়তনের সব আসন পূর্ণ হয়ে যায়। এরপরও বহু মানুষ নাটক দেখার অপেক্ষায় থাকেন। জায়গার অভাবে অনেক দর্শককে ফিরে যেতে হয়।

 

নির্দেশক মো. আবুল মনসুর বলেন, অনসাম্বল থিয়েটারের ৫০তম প্রযোজনা হিসেবে ‘পুতুলের বিয়ে’ মঞ্চায়ন দলের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। নজরুলের অসাম্প্রদায়িকতা, মানবিকতা ও সম্প্রীতির বার্তা বর্তমান সময়েও সমান প্রাসঙ্গিক। আগামীতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের সামনে নাটকটি মঞ্চায়নের পরিকল্পনা রয়েছে। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।