, ,

নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগ, তদন্তের দাবি

নিউজটি শেয়ার করুন

গাজীপুর মহানগরের সদর থানাধীন জয়দেবপুর মৌজার ২৮ নম্বর ওয়ার্ডের উত্তর সায়াবিথি নয়া বাড়ি সরকারি পুকুরপাড় এলাকায় অনুমোদিত নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।

নির্মাণাধীন ভবনটিতে অনুমোদিত নকশা ও সংশ্লিষ্ট নির্মাণবিধি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও তদারকি নিয়েও প্রশ্ন উঠেছে।


অভিযোগ সূত্রে জানা গেছে, সরকারি পুকুরপাড়সংলগ্ন ওই এলাকায় একটি ভবনের নির্মাণকাজ চলমান রয়েছে। ভবনটির নির্মাণকাজ অনুমোদিত নকশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে ভবনের চারপাশে নির্ধারিত সেটব্যাক বা খালি জায়গা যথাযথভাবে না রেখেই নির্মাণকাজ করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
এ ছাড়া নির্মাণাধীন ভবনের সামনে নির্মাণকাজের অনুমোদন, নকশা ও অন্যান্য তথ্যসংবলিত সাইনবোর্ড দৃশ্যমানভাবে টানানো হয়নি বলে অভিযোগ রয়েছে। এতে ভবনটির অনুমোদন ও নির্মাণপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযোগকারীদের দাবি, ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন থাকলেও নির্মাণকাজ অনুমোদিত নকশা অনুযায়ী হচ্ছে কি না, তা সরেজমিনে যাচাই করা জরুরি। বিশেষ করে সরকারি পুকুরপাড়সংলগ্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্মাণবিধি যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।
এদিকে নির্মাণকাজ তদারকির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নির্মাণকাজ চলমান থাকলেও নিয়মিত পরিদর্শন ও তদারকির মাধ্যমে অনিয়ম চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে ভবন মালিক সোহেল এর সঙ্গে মুঠোফোনে (০১৯৩৪০৮৬৪৩৬)যোগাযোগ করা হলে তিনি “গাউকের নিয়ম মেনেই কাজ করছি” বলে দাবি করেন। তবে ভবনটি অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণ করা হচ্ছে কি না এবং অভিযোগে উত্থাপিত অন্যান্য বিষয় সম্পর্কে তিনি বিস্তারিত কোনো বক্তব্য দেননি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, ভবন নির্মাণ নিয়ে ওঠা অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের পাশাপাশি সরেজমিনে পরিদর্শন করে নির্মাণকাজ অনুমোদিত নকশা ও বিধিমালা অনুযায়ী হচ্ছে কি না, তা যাচাই করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্টদের মতে, অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করা হলে ভবিষ্যতে তা জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং নির্মাণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত ও কঠোর নজরদারি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।