২৭ বিশ্ববিদ্যালয়ের ১০৮ শিক্ষার্থীর অংশগ্রহণ, উদ্বোধনী দিনে দাবা ও মেয়েদের ফুটবল
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-২৭-এর দাবা ও মেয়েদের ফুটবল ইভেন্ট শুরু হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের আয়োজনে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, বর্তমান সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে অন্যতম হলো এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন।
তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় পুরো শিক্ষাবর্ষজুড়ে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচি পরিচালনা করবে। এসব আয়োজন শিক্ষার্থীদের সুস্থ ও আনন্দময় মনোজগৎ গঠনে সহায়ক হবে।







