, ,

অধ্যাপক রফিক উল্লাহ সিকদার ও সুমাইয়া বেগমের স্মরণে ঢাকা প্রেস ক্লাবের দোয়া মাহফিল

নিউজটি শেয়ার করুন

মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চু: দৈনিক ‘আলোর বার্তা’ ও ‘দ্য ডেইলি স্টেট’-এর সম্পাদক এবং ঢাকা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা প্রয়াত অধ্যাপক রফিক উল্লাহ সিকদার এবং ঢাকা প্রেস ক্লাবের সভাপতি লায়ন মোঃ শাহাদাত হোসেন শাহীনের রত্নগর্ভা মা মরহুমা সুমাইয়া বেগমের স্মরণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ (বাশিকপ) মিলনায়তনে ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ তাওহীদুর রহমান।

ঢাকা প্রেস ক্লাবের সভাপতি লায়ন মোঃ শাহাদাত হোসেন শাহীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রয়াত অধ্যাপক রফিক উল্লাহ সিকদারের কর্মময় জীবন ও সাংবাদিকতায় তাঁর অবদান নিয়ে স্মৃতিচারণ করেন আমন্ত্রিত অতিথিরা।

বক্তারা বলেন, অধ্যাপক রফিক উল্লাহ সিকদার ছিলেন একজন আপাদমস্তক নিষ্ঠাবান ও পেশাদার সাংবাদিক। গণমাধ্যমের প্রসার এবং নতুন সাংবাদিক তৈরিতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যু দেশের সাংবাদিকতা জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।

সভায় বক্তব্য দেন ঢাকা প্রেস ক্লাবের উপদেষ্টা অ্যাডভোকেট শফিকুল ইসলাম কাজল, সোসাইটি অব ন্যাশনাল গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সভাপতি এ কে এম আজিজুল হক এবং গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আব্দুল ওহাব রিংকু।

এ ছাড়া বক্তব্য দেন ঢাকা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি আফসানা রহমান, অর্থ সম্পাদক এম নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদস্য শাহজান ফকির, প্রয়াত অধ্যাপক রফিক উল্লাহ সিকদারের ছেলে মোঃ রানা সিকদার এবং তাঁর ভাগ্নে মাহমুদ হাসান পাভেলসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা।

আলোচনা সভা শেষে অধ্যাপক রফিক উল্লাহ সিকদার ও মরহুমা সুমাইয়া বেগমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা সালাউদ্দিন।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট ২০২৬ রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন বরেণ্য সাংবাদিক ও শিক্ষক অধ্যাপক রফিক উল্লাহ সিকদার।