নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলেও দেশের মানুষ আজও প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি বলে মন্তব্য করেছেন বিএনপিদলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি বলেন, দেশে মানুষের সংখ্যা অনেক হলেও প্রকৃত অর্থে মানুষের সংখ্যা খুবই কম। বিদ্যমান সমাজব্যবস্থায় অবক্ষয়ের চিত্র তুলে ধরে তিনি বলেন, সমাজের পা ওপরে উঠে গেছে, আর মাথা নিচে পড়ে গেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও মানবাধিকারকর্মী অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের সঙ্গে নিজের গভীর সম্পর্কের স্মৃতিচারণ করে ফজলুর রহমান বলেন, বর্তমান বাংলাদেশে অনেক মানুষ থাকলেও প্রকৃত অর্থে মানুষের সংখ্যা খুবই কম। ১৯৭১ সালে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করলেও প্রকৃত স্বাধীনতা এখনো আসেনি। বিদ্যমান সামাজিক অবক্ষয়ের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, সমাজের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। যে ঢাকা বিশ্ববিদ্যালয় একসময় জ্ঞানী-গুণী মানুষের জন্ম দিত, তা আজ বৃহৎ মাদ্রাসায় পরিণত হয়েছে।
আগামী পাঁচ বছর বেঁচে থাকলে বাংলাদেশ কোন পথে এগোবে, বাঙালির স্বকীয়তা ও স্বাধীনতাবিরোধী শক্তির প্রভাব কতটা বিস্তৃত হবে, তা দেখতে চান বলেও মন্তব্য করেন তিনি।
স্মরণসভায় বক্তারা অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা এবং অসহায় মানুষের অধিকার আদায়ের সংগ্রামের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, আজীবন মানুষের অধিকার ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করে গেছেন এই বিশিষ্ট পদার্থবিজ্ঞানী। তাঁর সেই আদর্শ ও সংগ্রামকে এগিয়ে নেওয়ার এখনই সময়।
বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিওর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাংবাদিক আবু সাঈদ খান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠী বিষয়ক) বিজন কান্তি সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সাংবাদিক সন্তোষ শর্মা।
এ ছাড়া আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সভাপতি সত্যরঞ্জন বাড়ৈ, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি প্রকৌশলী দিব্যেন্দু চৌধুরী বড়ুয়া, বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন মজুমদার এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল দেবনাথ ও দোলা ভৌমিক আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে অ্যাডভোকেট দিলীপকুমার ঘোষ প্রয়াতের জীবনপঞ্জি পাঠ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মণীন্দ্র কুমার নাথ।
স্মরণসভায় প্রয়াত অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়। তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতাও পালন করেন উপস্থিত ব্যক্তিরা।





