, ,

মস্কোর আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ডে বাংলাদেশের সাংবাদিকদের সম্মাননা

নিউজটি শেয়ার করুন

মস্কো: আন্তর্জাতিক গণমাধ্যম অঙ্গনে বাংলাদেশের সাংবাদিকদের অংশগ্রহণ ও সম্মাননা অর্জন দেশের সাংবাদিকতার জন্য গৌরবের নতুন অধ্যায় সৃষ্টি করেছে। রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত ৫ম Honest View International Media Award 2026-এ বাংলাদেশ থেকে আমন্ত্রিত পাঁচ সাংবাদিক অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ড. মো. আবদুল কাবিল খান সেরা পুরস্কার অর্জন করেন। সম্মাননা লাভ করেন বাংলাদেশের অন্য চার সাংবাদিকও।

বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন গৌতম কুমার এদবর,সম্পাদক,রুপসী বাংলা ৭১। আবু সাঈদ নিশান (সময় টেলিভিশন), সঞ্জু রায় (দেশ টিভি) এবং মাজহারুল ইসলাম (দ্য শাটল টাইমস)।

গত ১৯ নভেম্বর মস্কোর স্থানীয় সময় বিকাল ৫.০০ বালচুগ কেম্পিনস্কি হোটেলে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিশ্বের ৮৫টিরও বেশি দেশ থেকে ৮০০-এর বেশি আবেদন জমা পড়ে। সেখান থেকে প্রায় ১০০ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী চূড়ান্ত পর্বে আমন্ত্রিত হন। বিভিন্ন বিভাগে ২১ জনকে সেরা পুরস্কার প্রদান করা হয়।

রাশিয়ার সরকারি প্রতিষ্ঠান Rossotrudnichestvo-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আন্তর্জাতিক সাংবাদিকদের পেশাগত অভিজ্ঞতা বিনিময়, গণমাধ্যমের ভূমিকা এবং রাশিয়ার সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়।

মস্কো সফরের অংশ হিসেবে বাংলাদেশি সাংবাদিকরা রাশিয়ার ঐতিহাসিক, সাংস্কৃতিক ও দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করেন। পরিদর্শনসূচিতে ছিল রেড স্কয়ার (Red Square), ভিডিএনএইচ (VDNKh) প্রদর্শনী কেন্দ্র, দ্য স্টেট ট্রেটিয়াকভ গ্যালারি (The State Tretyakov Gallery), মোসকিনো ফিল্ম পার্ক (Moskino Film Park)সহ মস্কোর বিভিন্ন ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা।

বিশেষভাবে দ্য স্টেট ট্রেটিয়াকভ গ্যালারিতে বাংলাদেশ সম্পর্কে একটি সুন্দর ও তথ্যসমৃদ্ধ উপস্থাপনা তুলে ধরা হয়, যার মাধ্যমে সেখানে উপস্থিত দর্শনার্থী ও সংশ্লিষ্টরা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পরিচিতি ও বিভিন্ন দিক সম্পর্কে জানার সুযোগ পান। এই উপস্থাপনা আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের পরিচিতি তুলে ধরার পাশাপাশি রাশিয়ার মানুষের কাছে বাংলাদেশ সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি এবং দুই দেশের সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাংলাদেশি সাংবাদিকদের মস্কো সফর, আবাসন, যাতায়াতসহ সফরসংশ্লিষ্ট যাবতীয় ব্যয় আয়োজক রাশিয়ান কর্তৃপক্ষ বহন করে। এই সহযোগিতা আন্তর্জাতিক সাংবাদিকদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি দুই দেশের গণমাধ্যম ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশের শিক্ষা, প্রযুক্তি, শিল্প ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে রাশিয়া দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছে। উচ্চশিক্ষায় বৃত্তি, উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ, শিক্ষা ও প্রশিক্ষণ এবং বিভিন্ন আন্তর্জাতিক কর্মসূচির মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য সম্ভাবনার ক্ষেত্র তৈরি করছে। বছরজুড়েই বিভিন্ন শিক্ষা, সংস্কৃতি, প্রশিক্ষণ ও সহযোগিতামূলক আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে যোগাযোগ ও সম্পর্ক সম্প্রসারণের উদ্যোগ অব্যাহত রয়েছে।

মস্কোর এই আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ডে বাংলাদেশের সাংবাদিকদের অংশগ্রহণ দেশের গণমাধ্যমকে বিশ্বপরিসরে তুলে ধরার পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব, সাংস্কৃতিক বিনিময়, পারস্পরিক বোঝাপড়া এবং সাংবাদিকতার সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

এ ধরনের আন্তর্জাতিক আয়োজনের সুযোগ সৃষ্টি করায় আয়োজক Rossotrudnichestvo, ঢাকায় রাশিয়ান দূতাবাস ও রাশিয়ান কালচারাল সেন্টারের প্রতি বাংলাদেশি সাংবাদিকরা আন্তরিক কৃতজ্ঞ।