, ,

আমাদের মনন ও জনজীবনঃ সাহিত্য, সংস্কৃতি ও গণমাধ্যম—আন্তঃসম্পর্কের পাঠ

নিউজটি শেয়ার করুন

স্বাধীন চৌধুরী: সমাজকে বুঝতে গেলে শুধু তার রাষ্ট্র, অর্থনীতি কিংবা রাজনীতির দিকে তাকালে চলে না। মানুষের মুখের ভাষা, তার নীরবতা, তার স্মৃতি, তার ভয়, তার স্বপ্ন, তার প্রতিবাদ—এসবের দিকেও তাকাতে হয়। কারণ একটি সমাজের প্রকৃত পরিচয় কেবল তার প্রতিষ্ঠানগুলোর মধ্যে থাকে না; থাকে মানুষের চিন্তায়, রুচিতে, আচরণে, স্বপ্নে এবং অন্যায়ের মুখোমুখি দাঁড়ানোর সাহসে।

একটি দেশে মননশীলতা কীভাবে তৈরি হয়—এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সাহিত্য, সংস্কৃতি ও গণমাধ্যমের কাছে ফিরে আসতেই হয়। এগুলো তিনটি আলাদা ক্ষেত্র, আলাদা নেশা-পেশা ও আলাদা প্রকাশভঙ্গির মাধ্যম; কিন্তু মানুষের জীবন থেকে এসব বিচ্ছিন্ন নয়। সাহিত্য মানুষের অন্তর্গত অন্ধকারে আলো ফেলে, সংস্কৃতি সেই আলোকে জীবনযাপনের অভ্যাসে রূপ দেয়, আর গণমাধ্যম সেই অভিজ্ঞতা ও প্রশ্নকে নিয়ে যায় বৃহত্তর জনপরিসরে।
তাই এসবের সম্পর্ক কেবল সহাবস্থানের নয়—পারস্পরিক নির্মাণের। একটি সমাজ যেমন তার সাহিত্য, সংস্কৃতি ও গণমাধ্যমকে তৈরি করে, তেমনি এই তিন শক্তিও প্রতিদিন সমাজের মনোজগতের উপর প্রভাব বিস্তার চলেছে।

১.
সাহিত্যঃ মানুষের ভেতরের কথার সামাজিক ভাষা

সাহিত্যকে কেবল বিনোদনের উপকরণ হিসেবে দেখলে সাহিত্যের সবচেয়ে জরুরি কাজটিই চোখের আড়ালে চলে যায়। সাহিত্য মানুষের ভিতরের সেই কথাগুলো প্রকাশ করে, যা অনেক সময় মানুষ নিজেও স্পষ্ট করে বলতে পারে না।
একজন কবি যখন একটি নদীর কথা বলেন, সেখানে শুধু নদী থাকে না—থাকে হারিয়ে যাওয়া শৈশব, মানুষের বিচ্ছেদ, ভূগোলের পরিবর্তন কিংবা সময়ের ক্ষত। একজন কথাশিল্পী যখন একজন সাধারণ মানুষের জীবন লিখে রাখেন, তখন তিনি শুধু একটি ব্যক্তির গল্প বলেন না; একটি শ্রেণি, এক সময়, একটি সামাজিক বাস্তবতার অদৃশ্য মুখও আমাদের সামনে তুলে ধরেন।
এই অর্থে সাহিত্য সমাজের বাহ্যিক ইতিহাসের পাশাপাশি তার অন্তর্গত ইতিহাসও লিখে।
বাংলা সাহিত্যের দীর্ঘ পরম্পরায় আমরা তার প্রমাণ পাই। মধ্যযুগের কাব্য থেকে আধুনিক কবিতা, রবীন্দ্রনাথের মানবতাবোধ, নজরুলের বিদ্রোহ, সুকান্তের ক্ষুধার্ত মানুষের পৃথিবী, জীবনানন্দের নিঃসঙ্গ আধুনিকতা, শামসুর রাহমানের নাগরিক স্বর—সবই কোনো না কোনোভাবে মানুষের সময়কে ধারণ করেছে।
বাংলাদেশের ইতিহাসে সাহিত্য ও রাজনৈতিক-সামাজিক চেতনার সম্পর্ক আরও গভীর।
ভাষার জন্য সংগ্রাম, স্বাধিকার, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও স্বৈরাচার-ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সময় কবিতা, গান, গল্প, প্রবন্ধ ও নাটক মানুষের চেতনাকে নাড়া দিয়েছে। সাহিত্য কখনো মিছিলের সামনে হাঁটেনি, কিন্তু অনেক সময় মিছিলের ভেতরের মানুষটির মনে কেন সে হাঁটছে—তার উত্তর তৈরি করেছে।
এই জায়গাটিই সাহিত্যের শক্তি।

সাহিত্য ইতিহাসের সংবাদ নয়; ইতিহাসের মানবিক অর্থ।
আজকের দিনে তাই সাহিত্যের কাছে আমাদের প্রশ্ন হওয়া উচিত—কেউ কত বই প্রকাশ করছে, তার চেয়ে বড় প্রশ্ন হলো, কে আমাদের কতটা ভাবতে বাধ্য করছেন। তিনি কি আমাদের পরিচিত সত্যকে নতুন করে দেখতে শেখাচ্ছেন? তিনি কি মানুষের কষ্টের কাছে আমাদের নিয়ে যাচ্ছেন? তিনি কি ক্ষমতার ভাষার বাইরে কোনো মানুষের ভাষা খুঁজে পাচ্ছেন?
কারণ যে সাহিত্য মানুষকে নিজের ভিতরে ফিরিয়ে দেয় না, অন্যের জীবনের দিকে তাকাতে শেখায় না, তার সৌন্দর্য থাকলেও তার সামাজিক গভীরতা কতটা—সেই প্রশ্ন থেকেই যায়।

২.
সংস্কৃতিঃ আমরা যেভাবে মানুষ হয়ে উঠি

সংস্কৃতি বলতে আমরা প্রায়ই গান, নাটক, নৃত্য, উৎসব কিংবা লোকঐতিহ্য বুঝি। কিন্তু সংস্কৃতি তার চেয়ে অনেক বড় এবং অনেক গভীর এক অনুষঙ্গ।
একজন মানুষ অন্য একজন মানুষের সঙ্গে কীভাবে কথা বলছে, ভিন্নমতকে কীভাবে গ্রহণ করছে, দুর্বল মানুষের প্রতি তার আচরণ কেমন, নারীকে সে কীভাবে দেখছে, প্রতিবেশীর দুঃখে সে কতটা বিচলিত হচ্ছে—এসবের মধ্যেও সংস্কৃতি বাস করে।

সংস্কৃতি আসলে মানুষের অভ্যাসে জমে থাকা মূল্যবোধ।

বাংলাদেশের সাংস্কৃতিক শক্তির একটি বড় জায়গা তার বহুত্ব। বাউল, ভাটিয়ালি, জারি-সারি, পালাগান, কবিগান, লোককথা, মঙ্গলকাব্যের উত্তরাধিকার, আধুনিক গান, নাটক, চলচ্চিত্র, কবিতা—সব মিলিয়ে আমাদের সংস্কৃতি কোনো একরৈখিক স্রোত নয়। এখানে বহু স্রোত এসে মিলেছে, আবার বহু স্রোত নিজেদের স্বাতন্ত্র্য নিয়েও বেঁচে আছে।
এই বহুত্বই আমাদের শক্তি।

কিন্তু সংস্কৃতি যখন কেবল অনুষ্ঠান হয়ে যায়, তখন তার প্রাণ শুকিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। মঞ্চ আছে, আলো আছে, ব্যানার আছে, দর্শক আছে—কিন্তু সেই আয়োজন মানুষের চিন্তাকে স্পর্শ করছে কি না, মানুষকে আরও উদার, আরও সহনশীল, আরও মানবিক করছে কি না—সেই প্রশ্নটি থেকে যায়।

সংস্কৃতির প্রকৃত কাজ মানুষের রুচি শুধু উন্নত করা নয়; মানুষের বিবেককে জাগিয়ে রাখা।
যে সংস্কৃতি অন্যকে ঘৃণা করতে শেখায়, সে যতই জাঁকজমকপূর্ণ হোক, তার ভিতরে মানবিকতার ক্ষুদ্রতা থাকে। আর যে সংস্কৃতি মানুষকে ভিন্নতার সঙ্গে বসতে শেখায়, অন্যের কষ্টকে নিজের কষ্ট হিসেবে অনুভব করতে শেখায়, যুক্তি ও প্রশ্নকে ভয় না পেতে শেখায়—সেই সংস্কৃতিই একটি গণতান্ত্রিক সমাজের ভিত শক্ত করে।

সংস্কৃতির স্বাধীনতা তাই শিল্পীর ব্যক্তিগত স্বাধীনতার প্রশ্ন মাত্র নয়। যা মানুষের চিন্তার স্বাধীনতার প্রশ্ন।

৩.
গণমাধ্যমঃ ঘটনার বাইরে সত্যের অনুসন্ধান

গণমাধ্যমের প্রথম দায়িত্ব মানুষকে জানানো—কী ঘটছে, কোথায় ঘটছে, কার সঙ্গে ঘটছে। কিন্তু সাংবাদিকতা যদি কেবল ঘটনার বিবরণে আটকে যায়, তাহলে তার কাজ অসম্পূর্ণ থেকে যায়।
কারণ একটি ঘটনা কখনো একক কিছু নয়। তার পেছনে থাকে কারণ, ইতিহাস, ক্ষমতার সম্পর্ক এবং মানুষের জীবন।

একটি কারখানায় শ্রমিক আহত হওয়ার খবরের মধ্যে শুধু একজন শ্রমিকের দুর্ঘটনা নেই; সেখানে শ্রমিকের নিরাপত্তা, মালিকের দায়িত্ব, রাষ্ট্রের নজরদারি এবং শ্রমজীবী মানুষের জীবনের প্রশ্নও থাকে। একটি নদী দখলের সংবাদে শুধু নদী নেই; সেখানে পরিবেশ, অর্থনীতি, রাজনীতি এবং ভবিষ্যৎ প্রজন্মের অধিকারও আছে।
গণমাধ্যমের কাজ সেই গভীরতাটুকু দৃশ্যমান করা।
এখানেই গণমাধ্যম জনমত নির্মাণের শক্তি অর্জন করে।
কোন খবর প্রথম পাতায় আসবে, কোন প্রশ্নকে গুরুত্ব দেওয়া হবে, কার বক্তব্য শোনা হবে, কার কণ্ঠ অনুপস্থিত থাকবে—এসব সিদ্ধান্তও সমাজের চিন্তার গতিপথকে প্রভাবিত করে।

তাই গণমাধ্যমকে সমাজের আয়না বলা হয়। কিন্তু আয়না কখনো নিজে নিজে সবকিছু দেখায় না। ক্যামেরা কোথায় রাখা হচ্ছে, কোন ফ্রেমটি নির্বাচন করা হচ্ছে, কোন শব্দ ব্যবহার করা হচ্ছে—এসবও বাস্তবতার একটি নির্মাণ।

ডিজিটাল যুগে এই বিষয়টি আরও জটিল হয়েছে। এখন সংবাদমাধ্যমের পাশাপাশি প্রত্যেক নাগরিকই সম্ভাব্য সংবাদদাতা, প্রকাশক ও সম্প্রচারক।
তথ্যের প্রবাহ গণতান্ত্রিক হয়েছে, কিন্তু সত্যের নিশ্চয়তা ততটা বাড়েনি।

একটি মিথ্যা খবরের চেয়ে দ্রুত আর কী ছড়ায়? উত্তেজনাপূর্ণ শিরোনাম, বিকৃত ছবি, অসম্পূর্ণ ভিডিও—অনেক সময় সত্যের চেয়ে দ্রুত মানুষের কাছে পৌঁছে যায়।
তাই এখন সাংবাদিকতার পাশাপাশি নাগরিকেরও দায়িত্ব বেড়েছে।
তথ্য পাওয়া আর তথ্য বোঝা এক বিষয় নয়।

৪.
তিনটি ক্ষেত্রঃ তিনটি আলাদা ভাষা, কিন্তু মানুষের একই জীবন
সাহিত্য, সংস্কৃতি ও গণমাধ্যমকে আলাদা আলাদা ঘরে আটকে রাখার প্রবণতা আমাদের চিন্তাকে দরিদ্র করে।

সাহিত্য মানুষের গভীরে যায়। সংস্কৃতি সেই গভীরতাকে সামাজিক আচরণে রূপ দেয়।
গণমাধ্যম তাকে জনসমক্ষে নিয়ে আসে।
কিন্তু প্রবাহটি একমুখী নয়।

গণমাধ্যম যে বাস্তবতা সামনে আনে, সাহিত্যিক তার মধ্যে গল্প খুঁজে পান। সমাজে যে সাংস্কৃতিক পরিবর্তন ঘটে, তার অভিঘাত সংবাদমাধ্যমের ভাষা বদলে দেয়। আবার কোনো কবিতা, নাটক, গান কিংবা উপন্যাস মানুষের মধ্যে যে নতুন বোধ তৈরি করে, গণমাধ্যম সেটিকে বৃহত্তর আলোচনার অংশ করে তুলতে পারে।

অর্থাৎ এই তিনটি ক্ষেত্রের মধ্যে আসলে এক অবিরাম কথোপকথন চলছে। সমাজের মননও এই কথোপকথনের মধ্যেই তৈরি হচ্ছে।

সাহিত্য প্রশ্ন করে—মানুষ কে?
সংস্কৃতি প্রশ্ন করে—মানুষ কীভাবে একসঙ্গে বাঁচবে?
গণমাধ্যম প্রশ্ন করে—এই মুহূর্তে কী ঘটছে এবং তার দায় কার?

এই তিনটি প্রশ্ন যদি পরস্পরের সঙ্গে যুক্ত থাকে, তাহলে জনজীবন সচেতন হয়। আর যদি তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন তথ্য থাকে, কিন্তু প্রজ্ঞা থাকে না; অনুষ্ঠান থাকে, কিন্তু মূল্যবোধ থাকে না; প্রকাশনা থাকে, কিন্তু গভীর মনন থাকে না।

৫.
আমাদের সংকটঃ তথ্য বেড়েছে, মননশীলতা কি বেড়েছে?
আমাদের সময়ের একটি অদ্ভুত বৈপরীত্য হলো—আমরা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জানি, অথচ সবসময় যথার্থ বুঝতে পারি না।
মুঠোফোনে পৃথিবী হাতের মধ্যে। কয়েক সেকেন্ডে হাজার সংবাদ, শত মতামত, অসংখ্য ছবি ও ভিডিও আমাদের কাছে পৌঁছে যায়। কিন্তু তথ্যের এই বিপুল প্রবাহ আমাদের চিন্তাকে গভীর করছে, নাকি শুধু আমাদের মনোযোগকে টুকরো টুকরো করে দিচ্ছে?

আমরা অনেক কিছু দেখি, কিন্তু কতটা দেখি?
অনেক কিছু পড়ি, কিন্তু কতটা ভাবি?
অনেক কথা বলি, কিন্তু কতটা শুনি?
এই প্রশ্নগুলো এখন আরও জরুরি।

সাহিত্যেও বাজারের চাপ আছে, সংস্কৃতিতেও পৃষ্ঠপোষকতার হিসাব আছে, গণমাধ্যমেও দর্শকসংখ্যা, ক্লিক ও বিজ্ঞাপনের চাপ আছে।

জনপ্রিয়তা এখন একটি বড় মুদ্রা। কিন্তু জনপ্রিয় যা, তা সবসময় গুরুত্বপূর্ণ নয়।

একটি বিষয় ভাইরাল হতে পারে, কিন্তু তা মানুষের জীবন বদলে দেবে না। আবার একটি কবিতা হয়তো নীরবে খুব কম মানুষ পড়বে, কিন্তু কোনো একজন মানুষের জীবনকে অন্যভাবে দেখতে শেখাবে। সুতরাং সংখ্যাই সত্যের শেষ মাপকাঠি নয়। ক্লিকের সংখ্যা দিয়ে বিবেকের মূল্য মাপা যায় না।

৬.
ডিজিটাল যুগঃ মুক্তির সম্ভাবনা ও প্রতারণার অন্ধকার

ডিজিটাল প্রযুক্তি আমাদের সামনে এক অভূতপূর্ব সম্ভাবনা খুলে দিয়েছে। যে তরুণের কোনো প্রকাশক নেই, সে নিজের কবিতা প্রকাশ করতে পারে। যে শিল্পীর কোনো বড় মঞ্চ নেই, সে নিজের কাজ মানুষের কাছে পৌঁছে দিতে পারে। যে সাধারণ মানুষ কোনো ঘটনার প্রত্যক্ষ সাক্ষী, সে মুহূর্তেই তার অভিজ্ঞতা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে পারে।
এটি নিঃসন্দেহে প্রকাশের স্বাধীনতার বিস্তার।

কিন্তু স্বাধীনতার সঙ্গে দায়িত্বও আসে।

একটি মিথ্যা তথ্য যেমন দ্রুত ছড়ায়, তেমনি একটি সত্যও কখনো কখনো মিথ্যার ভিড়ে হারিয়ে যায়। কৃত্রিম বুদ্ধিমত্তা, সম্পাদিত ছবি, কৃত্রিম ভিডিও ও বিকৃত অডিওর যুগে চোখে দেখা এবং কানে শোনা—কোনোটিই আর একা সত্যের নিশ্চয়তা নয়।
তাই ডিজিটাল যুগে আমাদের নতুন ধরনের নৈতিকতা দরকার।

প্রশ্নটি শুধু—‘আমি কী প্রকাশ করছি?’
তার সঙ্গে আরও একটি প্রশ্ন যোগ করতে হবে—
‘আমি যা প্রকাশ করছি, তার পরিণতি কী?’
কারও সম্মান নষ্ট করে দেওয়া, মিথ্যা আতঙ্ক ছড়িয়ে দেওয়া, একটি সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা উসকে দেওয়া কিংবা অসম্পূর্ণ তথ্য দিয়ে জনমত তৈরি করা—এসবও এক ধরনের সামাজিক সহিংসতা।

প্রযুক্তি আমাদের হাতে শক্তি দিয়েছে; এখন সেই শক্তির সঙ্গে বিবেক যুক্ত করার কাজ আমাদের।

৭.
সাহিত্য ও সাংবাদিকতাঃ ভিন্ন অবস্থান বা পেশা, অভিন্ন মানবিক দায়

সাহিত্যিক এবং সাংবাদিকের কাজ এক নয়। সাংবাদিক তথ্য যাচাই করেন, ঘটনা অনুসন্ধান করেন, প্রত্যক্ষ বাস্তবতার কাছে থাকেন। সাহিত্যিক বাস্তবতার গভীরে গিয়ে মানুষের অনুভব, সংকট ও অস্তিত্বের অর্থ অনুসন্ধান করেন।
তবু তাদের মৌলিক মিল এক—দুজনের কেন্দ্রেই মানুষ।
সাংবাদিকতা যদি কেবল তাৎক্ষণিকতার কাছে আত্মসমর্পণ করে, তবে বাস্তবতার গভীরতা হারাতে পারে। সাহিত্য যদি মানুষের জীবনের বাস্তবতা থেকে দূরে সরে যায়, তবে তার ভাষা সুন্দর হলেও তার ভিত ফাঁপা যেতে পারে।
সাহিত্য সাংবাদিকতাকে মানবিক গভীরতা ও প্রেক্ষিতের বোধ দিতে পারে। সাংবাদিকতা সাহিত্যিককে সমকালীন মানুষের জীবনের কাছাকাছি নিয়ে যেতে পারে।
এই পারস্পরিক সংযোগ দরকার।

কারণ মানুষের জীবন কখনো কেবল ‘খবর’ নয়, আবার কেবল ‘কাহিনি’ও নয়। তার মধ্যে তথ্য আছে, অনুভূতি আছে, ইতিহাস আছে, স্বপ্ন আছে, ক্ষত আছে।

৮.
আমাদের প্রয়োজন একটি সুস্থ জনপরিসর

গণতন্ত্র কেবল ভোটের দিনে তৈরি হয় না। গণতন্ত্র তৈরি হয় প্রতিদিনের জীবনাচরণে, কথাবার্তায়—যখন একজন মানুষ অন্যজনের কথা শোনে, যখন মতের বিরোধ থাকলেও মানুষটি মানুষ হিসেবে সম্মানিত থাকে, যখন প্রশ্ন করাকে অপরাধ মনে করা হয় না।

আমাদের এমন একটি জনপরিসর দরকার যেখানে মতভেদ থাকবে, কিন্তু বিদ্বেষ থাকবে না; তর্ক থাকবে, কিন্তু অপমান থাকবে না; সমালোচনা থাকবে, কিন্তু মিথ্যা থাকবে না।
সাহিত্য আমাদের অন্যের জীবনের ভিতরে প্রবেশ করতে শেখায়।
সংস্কৃতি শেখায়—আমরা একা নই; আমাদের জীবন অন্য মানুষের জীবন ও স্মৃতির সঙ্গে যুক্ত।
গণমাধ্যম শেখায়—ঘটনাকে প্রশ্ন করতে হয়, তথ্যকে যাচাই করতে হয়, ক্ষমতার বক্তব্যের বাইরে মানুষের কথাও শুনতে হয়।

এই তিনটি শিক্ষা একসঙ্গে না থাকলে একটি সমাজ হয়তো আধুনিক প্রযুক্তি অর্জন করতে পারে, কিন্তু আধুনিক মনন অর্জন করতে পারে না।

৯.
শেষ পর্যন্ত প্রশ্নটি মানুষকে নিয়েই

আমাদের সামনে এখন এক অদ্ভুত সময়। প্রযুক্তি দ্রুত বদলাচ্ছে, বাজার মানুষের মনোযোগ কিনতে চাইছে, রাজনীতি মানুষের পরিচয়কে নানা খোপে ভাগ করছে, সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের ক্ষোভকে মুহূর্তে বিস্ফোরিত করছে। একই সঙ্গে মানুষের মধ্যে মানবিকতার আকাঙ্ক্ষাও আছে, মুক্তির আকাঙ্ক্ষাও আছে, সত্য জানার আকাঙ্ক্ষাও আছে।
এই জায়গায় সাহিত্য, সংস্কৃতি ও গণমাধ্যমের দায়িত্ব আগের চেয়ে অনেক বেশি।
আমাদের এমন সাহিত্য দরকার, যা মানুষের ভেতরের অন্ধকারও ভয় পায় না।
এমন সংস্কৃতি দরকার, যা ভিন্নতাকে শত্রু বানায় না।
এমন গণমাধ্যম দরকার, যা ক্ষমতার মুখের দিকে তাকিয়ে সত্যের সংজ্ঞা বদলে দেয় না।
আর সবকিছুর ওপরে দরকার এমন এক জনপরিসর, যেখানে মানুষকে কেবল ভোটার, ভোক্তা, দর্শক বা অনুসারী হিসেবে দেখা হবে না—মানুষ হিসেবে দেখা হবে।

কারণ একটি দেশের উন্নতি শুধু তার সেতু, রাস্তা, দালান কিংবা প্রযুক্তিতে মাপা যায় না। উন্নতি মাপতে হয় মানুষ তার দুর্বল মানুষটির সঙ্গে কেমন আচরণ করে, ভিন্নমতের মানুষের কথা কতটা শুনতে পারে, অন্যায়ের সামনে কতটা দাঁড়াতে পারে এবং নিজের ভুল স্বীকার করার মতো নৈতিক সাহস তার আছে কি না—এসব দিয়ে।

সাহিত্য সেই নৈতিক প্রশ্নকে গভীরে নিয়ে যায়।
সংস্কৃতি তাকে মানুষের অভ্যাসে পরিণত করে।
গণমাধ্যম তাকে জনসমক্ষে আলোচনার বিষয় করে তোলে।

এই তিনের সুস্থ সম্পর্কই একটি সমাজের চিন্তার ভিত শক্ত করতে পারে।
অবশেষে,
আমরা কেমন মানুষ চাই?
শেষ পর্যন্ত প্রশ্নটি সাহিত্য কী লিখছে, সংস্কৃতি কী পরিবেশন করছে কিংবা গণমাধ্যম কী প্রচার করছে—এখানে এসে থেমে থাকে না।

প্রশ্নটি আরও গভীর।
আমরা কেমন মানুষ তৈরি করতে চাই?
এমন মানুষ, যে অনেক তথ্য জানে, কিন্তু সত্য বোঝে না?
এমন মানুষ, যে অনেক অনুষ্ঠান করে, কিন্তু অন্যের দুঃখে নড়ে না?
এমন মানুষ, যে অনেক কথা বলে, কিন্তু অন্যের কথা শুনতে জানে না?
নাকি এমন মানুষ, যে নিজের স্বাধীনতার সঙ্গে অন্যের স্বাধীনতার সম্পর্ক বুঝতে পারে; নিজের অধিকারের পাশে অন্যের অধিকারের কথাও ভাবে; ভিন্নমতকে ভয় না পেয়ে যুক্তি দিয়ে মোকাবেলা করে; অন্যায়ের সামনে নীরব থাকাকে নিজের নিরাপত্তা মনে করে না?
এই প্রশ্নের উত্তরেই আসলে আমাদের আগামী বাংলাদেশের রূপরেখায় লুকিয়ে আছে।

মননহীন তথ্যআদানপ্রদান সমাজকে জ্ঞানী করে না।
মানবিকতাহীন সংস্কৃতি সমাজকে সভ্য করে না।
সত্যহীন গণমাধ্যম সমাজকে সচেতন করে না।
আমাদের প্রয়োজন এমন এক সমন্বিত জনজীবন, যেখানে সাহিত্য মানুষকে গভীর করবে, সংস্কৃতি তাকে উদার করবে এবং গণমাধ্যম তাকে সত্যসন্ধানী করবে।

তখনই হয়তো আমরা বুঝতে পারব—সাহিত্য, সংস্কৃতি ও গণমাধ্যম তিনটি আলাদা ঘর নয়; একই মানুষের তিনটি জানালা। একটি জানালা দিয়ে মানুষ নিজের ভিতরকে দেখে, আরেকটি দিয়ে সমাজকে, আর তৃতীয়টি দিয়ে সময়কে। আর এই তিন জানালা খোলা থাকলে একটি সমাজের বাতাস চলাচল করতে পারে। সেই বাতাসই মননের বাতাস।
সেই বাতাসেই একটি জাতি কেবল বেঁচে থাকে না—নিজেকে নতুন করে আবিষ্কার করে।