, ,

কসবায় দোকানের সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধে কোদালের আঘাতে নিহত ১

নিউজটি শেয়ার করুন

বি এম ইনয়ামুল ইসলাম বোরহান, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দোকানের সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের কোদালের আঘাতে ইকবাল হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত ইকবাল হোসেন শিমরাইল গ্রামের মৃত কান্দার আলীর ছেলে। ঘটনার পর অভিযুক্ত ফয়সাল মিয়া (২০) ও তার পরিবারের সদস্যরা পালিয়ে গেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিমরাইল গ্রামের মধ্যপাড়া বাজারে একটি দোকানঘর নির্মাণ করছিলেন ইকবাল হোসেন। দোকানের সিঁড়ি নির্মাণ নিয়ে একই গ্রামের মুজিবুর রহমানের ছেলে ফয়সাল মিয়া ও তার সহযোগীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাজারের নাছির মিয়ার চায়ের দোকানের সামনে উত্তেজিত হয়ে ফয়সাল তার হাতে থাকা কোদাল দিয়ে ইকবালকে সজোরে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কুমিল্লায় অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। তবে ঢাকা নেওয়ার পথে সন্ধ্যার দিকে তিনি মারা যান।
কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা বুধবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দোকানের সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধের জেরে কোদালের আঘাতে ইকবাল হোসেন মারা গেছেন। অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।