, ,

২ কোটি ১৩ লাখ টাকায় কিনেও দখল পাচ্ছেন না ক্রেতারা: বসুরহাট আধুনিক হাসপাতাল দখলমুক্ত করার দাবি

নিউজটি শেয়ার করুন

​নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট আধুনিক হাসপাতালটি দুই কোটি ১৩ লাখ টাকায় ক্রয় করার পরও দখল বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে বিক্রেতা এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে।

প্রভাবশালী মহলের মদদে হাসপাতালটি কুক্ষিগত করে রাখায় আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন নতুন বিনিয়োগকারীরা। এই অবস্থায় হাসপাতালটি দখলমুক্ত করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ক্রেতারা।

​রোববার (৯ আগস্ট) বিকেল ৫টায় ‘বসুরহাট আধুনিক হাসপাতালের মালিকবৃন্দ’-এর ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নতুন মালিকপক্ষ জানান, গত ২৪ আগস্ট ২০২৫ তারিখে হাসপাতালটির তৎকালীন মালিক বাবু অরবিন্দ ভৌমিক গংয়ের সাথে তাদের বায়নানামা চুক্তি সম্পন্ন হয়। এরপর চুক্তিতে উল্লিখিত ২ কোটি ১৩ লাখ টাকা সম্পূর্ণ পরিশোধ করে ওই বছরের ৩০ অক্টোবর চূড়ান্ত ক্রয় চুক্তি সম্পাদন করা হয়। চুক্তি অনুযায়ী সিজার লিস্ট মোতাবেক হাসপাতালটি নতুন মালিকদের বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও, বিক্রেতা অরবিন্দ গং প্রতারণার আশ্রয় নিয়ে কালক্ষেপণ করছেন।

​লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, বিক্রেতারা বর্তমান ভাড়াটিয়া চরফকিরা এলাকার আব্দুল খালেকের ছেলে ডা. ইমরোজের সাথে যোগসাজশ করে হাসপাতালটির দখল ছাড়ছেন না। ক্রেতারা জানান, বিক্রির আগে ডা. ইমরোজ ও তার পিতাকে হাসপাতালটি ক্রয়ের প্রস্তাব দেওয়া হলেও তারা তা আমলে নেননি। পরবর্তীতে রেজুলেশনের মাধ্যমে সকল সাবেক মালিকের স্বাক্ষরে বর্তমান ক্রেতাদের সাথে চুক্তি সম্পন্ন হয়। কিন্তু এর বিপরীতে, অবৈধ দখলদার আবদুল খালেকের সাথে অরবিন্দ গংয়ের মাত্র ৭ জন সদস্যের স্বাক্ষর করা একটি অবৈধ চুক্তির অজুহাত দেখিয়ে দখল বুঝিয়ে দেওয়া হচ্ছে না।

​সংবাদ সম্মেলনে ডা. ইমরোজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বলা হয়, তিনি ফ্যাসিস্ট সরকারের সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভাগ্নে পরিচয়ে প্রায় দেড় যুগ ধরে কোম্পানীগঞ্জের স্বাস্থ্যখাত কুক্ষিগত করে রেখেছেন। সেবার নামে ক্লিনিক বাণিজ্য এবং দখলবাজির মাধ্যমে তিনি ও তার পিতা অবৈধভাবে বসুরহাট আধুনিক হাসপাতালটি দখল করে রেখেছেন, যার সাথে বিক্রেতা অরবিন্দ গংও সরাসরি সম্পৃক্ত।

​ভুক্তভোগী বিনিয়োগকারীরা তাদের অধিকার রক্ষায় নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলাম এবং কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

​আগামী ১৫ আগস্টের মধ্যে হাসপাতালটি দখলমুক্ত করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আল্টিমেটাম দেওয়া হয়েছে। একইসাথে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দখলবাজ ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার জোর দাবি জানান তারা।