, ,

হুমায়ুূন আহমেদঃ কল্পনার ভেতর বাস্তব, শিল্পের ভেতর অনন্ত জীবন

নিউজটি শেয়ার করুন

স্বাধীন চৌধুরী: হুমায়ূন আহমেদ সশরীর পৃথিবীতে নেই, কিন্তু আজও রয়ে গেছেন তাঁর সৃষ্টির ভেতর, মানুষের স্মৃতির মধ্যে এবং সময়ের গভীরে। তাঁর নির্মিত চরিত্রেরা স্রষ্টার পরিচয় ছাড়িয়ে নিজেরাই হয়ে ওঠেছে এক স্বতন্ত্র জীবন। বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদ এক বিরল স্রষ্টা। তিনি তার কথাশিল্পে যে গল্পের বয়ান করেছেন, সে গল্পের ভেতর মানুষের জন্য আরেকটি পৃথিবী নির্মাণ করেছেন—যে পৃথিবীতে প্রবেশ করলে পাঠক কখনো নিজের অজান্তেই নিজের মুখোমুখি দাঁড়িয়ে যায়।

আজ ১৩ নভেম্বর, কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা ও বাংলা ভাষার জনপ্রিয়তম লেখকদের একজন হুমায়ূন আহমেদের জন্মদিন। ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনার মোহনগঞ্জে তাঁর নানাবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। পৈতৃক নিবাস নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। বাংলা সাহিত্যের পাঠাভ্যাস, জনপ্রিয় সংস্কৃতি এবং গল্প বলার প্রচলিত রীতিতে তিনি ঘটিয়েছিলেন এক স্বতন্ত্র পরিবর্তন।

হুমায়ূন আহমেদের সাহিত্যের শক্তি কোথায়?
সম্ভবত তাঁর সবচেয়ে বড় শক্তি অসাধারণকে সাধারণের মধ্যে আবিষ্কার করার ক্ষমতা। তিনি জানতেন, জীবনের সব গভীর সত্য উচ্চকণ্ঠে বলতে হয় না; কখনো একটি সামান্য বাক্য, একটু নীরবতা, অপ্রত্যাশিত হাসি কিংবা জানালার পাশে দাঁড়িয়ে থাকা একাকী মানুষের মধ্যেও লুকিয়ে থাকতে পারে জীবনের গভীরতম দর্শন।
তাঁর গদ্য সহজ, কিন্তু সেই সহজতার মধ্যে এক জটিল মানবিক বোধ। তিনি পাঠককে ভাষার ভারে কাবু করেন নি; বরং ভাষাকে নিয়ে গেছেন পাঠকহৃদয়ের কাছাকাছি।

১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ এর মাধ্যমে বাংলা সাহিত্যে তাঁর স্বতন্ত্র উপস্থিতি জানান দেন। এরপর একের পর এক উপন্যাস, গল্প, নাটক ও চলচ্চিত্রে নির্মাণ করেছেন এক বিস্তৃত সৃজনজগৎ। তাঁর লেখায় মধ্যবিত্ত জীবনের স্বপ্ন, সংকট, প্রেম, বিষণ্নতা, পারিবারিক সম্পর্ক, সামাজিক অসংগতি এবং মানুষের বিচিত্র মনস্তত্ত্ব এমনভাবে উঠে এসেছে, যা পাঠককে একই সঙ্গে আনন্দিত ও বিষণ্ন করে। তাঁর গল্পে জীবন কখনো খুব সাধারণ, আবার সেই সাধারণ্যের মধ্যেই হঠাৎ খুলে যায় বিস্ময়ের দরোজা।

হিমু, মিসির আলী ও শুভ্র—এই তিনটি নাম বাংলা সাহিত্যের পাঠকমনে একেকটি স্বতন্ত্র দর্শন ও জীবনবোধের প্রতীক হয়ে আছে। হিমু যেন যুক্তির প্রচলিত সীমানা অতিক্রম করে জীবনকে দেখার এক অদ্ভুত স্বাধীনতা; মিসির আলী মানুষের মনোজগতের রহস্য উন্মোচনে যুক্তি ও বিশ্লেষণের এক অনন্য প্রতীক; আর শুভ্র নির্মলতা, সংবেদনশীলতা ও মানবিক সৌন্দর্যের এক ভিন্নতর প্রতিরূপ। তাঁরা নিছক উপন্যাসের চরিত্র নন, যেন আমাদের পরিচিত সমাজেরই কেউ—যাদের সঙ্গে দেখা না হলেও মনে হয়, কোথাও না কোথাও তাঁদের সঙ্গে আমাদের পরিচয় রয়েছে। একজন লেখকের সার্থকতা বোধ হয় এখানেই—তাঁর সৃষ্টি যখন গ্রন্থের ভেতর থেকে মানুষের হৃদয়ে প্রোথিত হয়ে তাদের জীবনের অংশ হয়ে ওঠে।
তাঁর সাহিত্যজগতে প্রকৃতিও এক বিশেষ ভাষায় উপস্থিত। জোছনা, বৃষ্টি, নদী, বর্ষার রাত, নিঃসঙ্গ দুপুর কিংবা হেমন্তের বিষণ্নতা—সবকিছুই তাঁর গল্পে কেবল পটভূমি হয়ে থাকেনি; কখনো হয়ে উঠেছে চরিত্রের অন্তর্জগতের অনুবাদ। জোছনার প্রতি তাঁর বিশেষ আকর্ষণ বাংলা সাহিত্যে এক স্বতন্ত্র আবহ তৈরি করেছে। তাঁর রচনায় প্রকৃতি কখনো মানুষের দুঃখের সঙ্গী, কখনো প্রেমের নীরব সাক্ষী, কখনো যেন জীবনের অনুচ্চারিত রহস্যের প্রতীক।

নাট্যকার হিসেবেও হুমায়ূন আহমেদ সৃষ্টি করে গেছেন এক নতুন দর্শকসমাজ। এইসব দিনরাত্রি, বহুব্রীহি, অয়োময় কিংবা কোথাও কেউ নেই—এসব নাটক শুধু বিনোদন নয়, দর্শকের পারিবারিক ও সামাজিক জীবনের সঙ্গে গভীর সংযোগ তৈরি করেছে। বাকের ভাই চরিত্রটি আজও বাঙালির স্মৃতিতে অমলিন। একটি কাল্পনিক চরিত্রের জন্য দর্শকের এমন আবেগ, প্রতিবাদ ও ভালোবাসা বাংলা টেলিভিশন নাটকের ইতিহাসে এক ব্যতিক্রমী ঘটনা। বাকের ভাইয়ের পরিণতি যেন প্রমাণ করেছে, লেখকের কল্পনার চরিত্রও একসময় মানুষের বাস্তব আবেগের অংশ হয়ে উঠতে পারে।

চলচ্চিত্র নির্মাণেও তাঁর সৃজনশীলতার স্বাক্ষর অনন্য। আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, শ্যামল ছায়া এবং ঘেটুপুত্র কমলা—প্রতিটি চলচ্চিত্রে তিনি গল্প বলার নিজস্ব ভাষা ও দৃশ্যমান কাব্য নির্মাণ করেছেন। বিশেষ করে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত আগুনের পরশমণি এবং শ্যামল ছায়া তাঁর শিল্পবোধের পাশাপাশি ইতিহাস ও মানুষের প্রতি দায়বদ্ধতার পরিচয় বহন করে। ঘেটুপুত্র কমলা চলচ্চিত্রে তিনি তুলে ধরেছেন সমাজের এক বিস্মৃত ও বেদনাবিধুর বাস্তবতা। তাঁর চলচ্চিত্রের সাফল্য মানে মানুষের অনুভূতিতে তার দীর্ঘস্থায়ী উপস্থিতি,সেইসাথে কুড়িয়েছেন জাতীয় পুরস্কার ও সম্মাননা।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদকসহ নানা স্বীকৃতিতে ভূষিত হয়েছেন তিনি। যদিও একজন লেখকের প্রকৃত পুরস্কার কোনো পদক বা সম্মাননার মধ্যে সীমাবদ্ধ নয়। তাঁর প্রকৃত অর্জন পাঠকের ভালোবাসা, তাঁর বইয়ের পুনঃপাঠ এবং তাঁর সৃষ্ট চরিত্রদের নিয়ে প্রজন্মের পর প্রজন্মের আলোচনা। হুমায়ূন আহমেদ বিরল সৌভাগ্যের অধিকারী, যাঁর বইয়ের জন্য একসময় বইমেলায় পাঠকের দীর্ঘ সারিতে দাঁড়িয়ে অপেক্ষা, যাঁর নতুন উপন্যাস প্রকাশের অপেক্ষায় থেকেছে অসংখ্য পাঠক।

অবশ্য জনপ্রিয়তার বিপুল আলোয় তাঁর সাহিত্য নিয়ে বিতর্কও ছিল। সমালোচকেরা কখনো তাঁর ভাষার সরলতা, কখনো কাহিনির নির্মাণ কিংবা জনপ্রিয়তার প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু সাহিত্য মূল্যায়নের নিজস্ব পরিসর থাকলেও সত্যটি অস্বীকার করার উপায় নেই যে—বাংলা ভাষায় বিপুলসংখ্যক মানুষকে বইয়ের কাছে ফিরিয়ে আনার ক্ষেত্রে তাঁর ভূমিকা অসাধারণ। তিনি প্রমাণ করেছেন, সাহিত্য একই সঙ্গে শিল্পমানসম্পন্ন এবং বিপুল পাঠকপ্রিয় হতে পারে। পাঠকের সঙ্গে লেখকের যে নিবিড় সম্পর্ক তিনি তৈরি করেছিলেন, তা বাংলা সাহিত্যের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকার মতো।

২০১২ সালের ১৯ জুলাই ৬৩ বছর বয়সে নিউইয়র্কে শেষনিশ্বাস ত্যাগ করেন হুমায়ূন আহমেদ। তাঁর প্রস্থান বাংলা সাহিত্যে তৈরি করেছিল গভীর শূন্যতা।তাঁর সময়কালের পাঠক এখনো সেই শূন্যতা অনুভব করেন। কিন্তু এ-ও সত্য যে, মৃত্যুর পর সৃজনশীল মানুষের অন্যরকম বেঁচে থাকেন তাঁর সৃষ্টির ভেতর। শরীরের মৃত্যুতে সব ফুরিয়ে যায় না।

সৃষ্টির মৃত্যু নেই—যত দিন মানুষ কথাশিল্প ভালোবাসবে, যত দিন মানুষের মনে প্রেম, বিষাদ, কৌতূহল ও বিস্ময় বেঁচে থাকবে, তত দিন হয়তো তাঁর এই সৃজনশিল্পের মুখোমুখি হবে।

হুমায়ূন আহমেদ আমাদের চমৎকারভাবে দেখিয়ে দিতে পেরেছেন, জীবনের গভীরতা সবসময় গম্ভীর মুখেই প্রকাশ পায় না; কখনো হাসির আড়ালেও জমে থাকে দীর্ঘশ্বাস কিংবা নির্মল আনন্দের মধ্যেও জীবন বোধের সৌন্দর্য ধরা দেয়; আবার কখনো অদ্ভুত কোনো মানুষের মধ্যে লুকিয়ে থাকে অসাধারণ মানবিকতা। তিনি আমাদের এমন কিছু চরিত্র উপহার দিয়েছেন, যাদের সঙ্গে বাস্তবে দেখা না হলেও তাদের জন্য মন কেমন করে। এমন কিছু গল্প লিখেছেন, যেগুলোর শেষ পৃষ্ঠায় পৌঁছেও মনে হয়, গল্প বুঝি এখনো শেষ হয়নি।

আজ তাঁর জন্মদিনে স্মরণ করছি মানে বাংলা ভাষার গল্পবলার এক অনন্য শিল্পীকে স্মরণ করছি। মানুষের মনোজগতের এক নিবিড় পর্যবেক্ষক এবং কল্পনার ভেতর বাস্তবতার নতুন দরজা খুলে দেওয়া এক সৃজন-শিল্পীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা।

হুমায়ূন আহমেদ চলে গেছেন, কিন্তু তাঁর হিমু এখনো পথে হাঁটে, মিসির আলী এখনো রহস্যের সমাধান খোঁজেন, শুভ্র এখনো নির্মলতার স্বপ্ন দেখে। আর কোনো এক বৃষ্টিভেজা সন্ধ্যায়, কিংবা পূর্ণিমার জোছনায়, কোনো পাঠক যখন তাঁর বই খুলে বসেন—তখন মনে হয়, মানুষটি কোথাও যাননি। তিনি আছেন, তাঁর গল্পের ভেতর, আমাদের কল্পনার ভেতর, এই জীবনের খুব কাছাকাছি।

বাংলা সাহিত্যের অনন্য কথাশিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

লেখক: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক।