ঢাকা-চট্টগ্রাম রেলপথের গাজীপুরের পূবাইলে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইঞ্জিন থেকে নির্গত ঘন কালো ধোঁয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
যাত্রীদের বরাতে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে এগারসিন্দুর ট্রেনটি। পূবাইল রেলওয়ে স্টেশন অতিক্রম করে কিছুদূর যাওয়ার পর হঠাৎ ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। একপর্যায়ে ইঞ্জিনে আগুনের সৃষ্টি হলে চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রেনের ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়। এতে ধোঁয়া কমে এলেও আগুন জ্বলতে থাকে। পরে স্থানীয় লোকজন পানি নিয়ে এগিয়ে আসেন এবং ট্রেনের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানো হয়।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বলেন, ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হয়েছিল। তবে সেখানে আগুন ছিল কি না, তা তিনি নিশ্চিত করতে পারেননি। এ ঘটনায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে চলাচল স্বাভাবিক ছিল।
বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আনিসুর রহমান জানান, গাজীপুরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। অন্য একটি ইঞ্জিন দিয়ে আটকে পড়া এগারসিন্দুর ট্রেনটি ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।







