, ,

সীতাকুণ্ডে উচ্ছেদের পর ‘লুটপাটের সাজানো ঘটনা’ অভিযোগ, সংবাদ সম্মেলনের বিরুদ্ধে কদম রসুলবাসীর তীব্র নিন্দা

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৮ নং সোনাইছড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কদম রসুলের কেশবপুর এলাকায় রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের পর নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ ১৭ বছর ধরে ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধ স্থাপনা রেখে এলাকার পানি নিষ্কাশন বন্ধ করে রাখে একটি প্রভাবশালী চক্র।

সাম্প্রতিক উচ্ছেদ অভিযানে সেই অবৈধ স্থাপনাগুলো অপসারণের পর সংশ্লিষ্টরা আবার সীতাকুণ্ড প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কিছু নিরীহ মানুষকে ইঙ্গিত করে ‘লুটপাটের ঘটনা’ সাজানোর চেষ্টা করছে।

এলাকাবাসী জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তৎকালীন রাজনৈতিক ক্ষমতার প্রভাব খাটিয়ে রেলওয়ের জমি দখল করে ব্যবসা ও স্থাপনা পরিচালনা করে আসছিল। এতে করে কদম রসুল এলাকার কেশবপুরের পূর্ব পাশের বিস্তীর্ণ গ্রামের স্বাভাবিক পানি চলাচল বন্ধ হয়ে জলাবদ্ধতা , দুর্ভোগ ও পরিবেশগত ক্ষতির সৃষ্টি হয়।

স্থানীয়দের দাবি, রেলওয়ে ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরীর নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ অভিযানটি ছিল সম্পূর্ণ আইনানুগ ও জনস্বার্থে। এবং সেখানে আরো উপস্থিত ছিল চট্টগ্রাম রেলওয়ে পুলিশ ও সীতাকুণ্ড থানা পুলিশ ।উচ্ছেদের পরপরই দখলদার চক্রটি নিজেদের দোষ আড়াল করতে এবং এলাকাবাসীকে ভয় দেখাতে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

কদম রসুল এলাকার একাধিক বাসিন্দা বলেন,
“যারা বছরের পর বছর পানি বন্ধ করে আমাদের জীবন দুর্বিষহ করেছে, আজ উচ্ছেদের পর তারাই উল্টো লুটপাটের গল্প বানাচ্ছে। এটা স্পষ্ট ষড়যন্ত্র।”
এলাকাবাসী এই সংবাদ সম্মেলনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন—
সাজানো অভিযোগের নিরপেক্ষ তদন্ত,
অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা,
ভবিষ্যতে যেন পুনরায় দখল বা হয়রানি না হয় সে বিষয়ে কঠোর নজরদারি।

এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলেন, সত্য উদঘাটন হলে কারা দীর্ঘদিন দখলদারি করে জনভোগান্তি সৃষ্টি করেছে, তা স্পষ্ট হয়ে যাবে।