সুজন মিয়া ও শহীদকে ধরতে অভিযান, গ্রেপ্তার ২
রাজধানীর বনানী থানাধীন কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ২ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৮৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযুক্ত সুজন মিয়া ও শহীদ পালিয়ে গেছেন।
বুধবার (২৫ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)-এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কড়াইল বস্তির জামাইবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অধিদপ্তরের মহাপরিচালক মোঃ হাসান মারুফের সার্বিক দিকনির্দেশনায় এবং ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)-এর উপপরিচালক মোঃ রাজিউর রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল জামাইবাজারের ইউনিট নম্বর-১, ব্লক নম্বর-ক, মুক্তারের পানির ট্যাংকির গলিতে জনৈক মান্নানের বাড়িতে অভিযান চালায়।
অভিযানকালে বাড়িটির দ্বিতীয় তলায় ইব্রাহিম খলিল, সুজন মিয়া ও শহীদের ভাড়া নেওয়া চার কক্ষবিশিষ্ট বসতঘরের দক্ষিণ পাশের কক্ষে তল্লাশি চালিয়ে ২ হাজার ৫০০ পিস ইয়াবা, ৬ কেজি গাঁজা এবং মাদক বিক্রির ১ লাখ ৮৮ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় মোঃ ইব্রাহিম খলিল (২৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তবে সুজন মিয়া (৪১) ও শহীদ (৩৭) পালিয়ে যান।
এ ছাড়া একই এলাকায় জনৈক বাদলের বাড়িতে ভাড়া থাকা রমজান আলীর (৩০) বাসায় পৃথক অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে সর্বমোট ২ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ কেজি গাঁজা, ১ লাখ ৮৮ হাজার টাকা নগদ অর্থ এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পলাতক সুজন মিয়া ও শহীদ কড়াইল বস্তি এলাকার বিভিন্ন মাদক বিক্রির স্পট নিয়ন্ত্রণ করে গাঁজা, ইয়াবা ও হেরোইন বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃত রমজান আলী তাদের মাদক ব্যবসার ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২৬) অনুযায়ী বনানী থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। গুলশান সার্কেলের পরিদর্শক মোঃ এমদাদুল হক খাঁন এবং উপপরিদর্শক মোঃ আবির হাসান পৃথক মামলার বাদী হয়েছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)-এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন: মোঃ রাজিউর রহমান, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)।







