, ,

মানিকছড়িতে বসতবাড়িতে ভভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি ২৫-৩০ লাখ টাকা

নিউজটি শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ২ নম্বর বাটনাতলী ইউনিয়নের ডাইনছড়ি ফারুকনগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত গৃহমালিক।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মো. জামাল হোসেনের (জামাল ডেকোরেশন) বাড়িতে গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা নিজস্ব উদ্যোগে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি স্থানীয় পুলিশ, সেনাবাহিনী ও এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে বসতঘরের আসবাবপত্রসহ অধিকাংশ মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত গৃহমালিক জামাল হোসেন জানান, ঘরের ভেতরে গচ্ছিত প্রায় ৯ লাখ টাকা নগদ, আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকার ফার্নিচার ও আসবাবপত্র, বিপুল পরিমাণ ধানসহ অন্যান্য মালামাল আগুনে পুড়ে গেছে। সব মিলিয়ে তার প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তদন্তের পর প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

মোঃ আরিফুল ইসলাম, খাগড়াছড়ি
০১৫১৬১৯৫২৪৬
০৯/০৮/২০২৬