মোঃ উমর ফারুক, স্টাফ রিপোর্টার: শুক্রবার রাত আট টা দিকে কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের দ্রুত পদক্ষেপ ও থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখের দূরদর্শী সিদ্ধান্তে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা থেকে রক্ষা পেয়েছেন এক মা ও তাঁর দুই সন্তান। মাত্র ২০ মিনিটের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সক্ষম হয় পুলিশ।
ঘটনাটি ঘটে ভেড়ামারা রেলস্টেশনের অদূরে। পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে ঝগড়া করে কুষ্টিয়ার দৌলতপুর থেকে দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসেন ওই নারী। অভিযোগ রয়েছে, বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি আত্মহত্যার কথা বলেছিলেন। একপর্যায়ে ভেড়ামারা রেলস্টেশনের কাছাকাছি রেললাইনে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন তিনি ও তাঁর দুই সন্তান।
বিষয়টি জানতে পেরে পরিবারের একজন সদস্য দ্রুত ভেড়ামারা থানার ওসি শামীম শেখকে ফোন করে বিস্তারিত জানান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ওসি বিষয়টির গুরুত্ব অনুধাবন করে রেলস্টেশন এলাকায় পুলিশ সদস্যদের একটি দল পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খোঁজাখুঁজির একপর্যায়ে রেললাইনের ওপর থেকে ওই মা ও তাঁর দুই সন্তানকে উদ্ধার করেন। তাঁদের উদ্ধারের কিছুক্ষণের মধ্যেই সেখানে ট্রেন এসে পৌঁছায়। পুলিশের দ্রুত তৎপরতা ও সময়োপযোগী সিদ্ধান্তের কারণে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়।
এ ঘটনায় ওই নারীর পরিবারের সদস্যরা ভেড়ামারা থানায় এসে ওসি শামীম শেখের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা জানান, এত অল্প সময়ের মধ্যে পুলিশ এমন দ্রুততার সঙ্গে পদক্ষেপ নেবে, তা তাঁরা কল্পনাও করতে পারেননি।
পুলিশের দায়িত্বশীলতা, তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ ও দ্রুত অভিযান পরিচালনার এই ঘটনা স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে। সময়মতো পুলিশের হস্তক্ষেপে তিনটি প্রাণ রক্ষা পাওয়ায় স্বস্তি ফিরেছে সংশ্লিষ্ট পরিবারে। পরে তাদের পরিবারের কাছে মা ও ২ সন্তানকে তুলেদেন।।







