আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত, বিশিষ্ট লেখক, রাজনীতিবিদ, সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা এবং পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি)-এর প্রতিষ্ঠাতা কমান্ডার আবদুর রউফের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভৈরবে একটি স্মৃতি ফলক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
কমান্ডার আবদুর রউফ স্মৃতি পরিষদ, ভৈরবের উদ্যোগে নির্মিত স্মৃতি ফলকটি ভৈরব রেলস্টেশন সংলগ্ন কমান্ডার আবদুর রউফের বাসভবনের পাশের তিন রাস্তার মোড়ে স্থাপন করা হয়। শুক্রবার অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে. এম. মামুন রশীদ। তিনি স্মৃতি ফলকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে কে. এম. মামুন রশীদ বলেন, “কমান্ডার আবদুর রউফ ছিলেন মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণে নিবেদিত নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর স্মৃতি সংরক্ষণের এই উদ্যোগ নতুন প্রজন্মকে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমান্ডার আবদুর রউফের কন্যা, বিশিষ্ট লেখক ও নাট্যব্যক্তিত্ব গীতালী হাসান। তিনি বলেন, “আমার পিতার প্রতি ভৈরববাসীর এই ভালোবাসা ও সম্মান আমাদের পরিবারের জন্য অত্যন্ত আবেগঘন। তিনি দেশ, মানুষ ও ন্যায়বিচারের প্রতি আজীবন অঙ্গীকারবদ্ধ ছিলেন।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিএসটিসির নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ। তিনি বলেন, “কমান্ডার আবদুর রউফ শুধু একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন মানবিক উন্নয়ন, সামাজিক ন্যায় ও প্রগতিশীল চিন্তার একজন অনন্য ব্যক্তিত্ব। তাঁর আদর্শ আজও আমাদের উন্নয়নের পথচলায় প্রেরণার উৎস।”
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। বক্তারা কমান্ডার আবদুর রউফের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে উল্লেখ করেন।
পুষ্পার্ঘ্য অর্পণ ও সম্মিলিত শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।







