স্বদেশবিচিত্রা প্রতিবেদক : বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত বিএনপি কর্মী সরদার ওসমান গনি হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।
শনিবার (৭ মার্চ) দুপুরে জেলা প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তারা।
এসময় নিহতের বাবা শাহাজান সরদার ও বোন সায়েদা আক্তার অভিযোগ করেন, নির্বাচনের পরে সহিংসতায় প্রতিপক্ষ হাফিজ খান, শহিদুল হাওলাদার, আবুল হাসান শেখ, অজিয়ার তরফদার, আলী ফকির, আসাদ খান ও এনামুলসহ ২৫ থেকে ৩০ জন ওসমান গনিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে। ওই সন্ত্রাসীরা আরও কয়েকজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় মামলা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি।
এসময় দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানান বক্তারা। মানববন্ধনে নিহতের বৃদ্ধ মা ফাতেমা বেগম, চাচা মুনসুর সরদার ও মামলার বাদী নিহতের ভাইসহ এলাকাবাসি উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, আসামিরা আত্মগোপনে থাকায় গ্রেফতার করা যায়নি। তবে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
স্বদেশবিচিত্রা/এআর







