‘সাহিত্য সতত সুন্দর’ প্রতিপাদ্যে দিনব্যাপী আয়োজন
নিজস্ব প্রতিবেদক: ‘সাহিত্য সতত সুন্দর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৫ জুলাই (শনিবার) রাজধানীর বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৮তম জাতীয় সাহিত্য সম্মেলন ২০২৬। দেশের কবি, সাহিত্যিক, গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণে দিনব্যাপী এ সম্মেলনে সাহিত্যচর্চার বিভিন্ন দিক, সমকালীন সাহিত্যভাবনা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হবে।
সম্মেলনের প্রথম পর্ব শুরু হবে সকাল ১০টায়। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কবি আব্দুল হাই শিকদার, সম্পাদক, দৈনিক যুগান্তর। মুখ্য আলোচক থাকবেন কবি জাকির আবু জাফর, সাহিত্য সম্পাদক, দৈনিক নয়াদিগন্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ পোয়েটস্ ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইস উদ্দীন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. নূর হোসাইন।
সম্মেলনটি পরিচালনা করবেন বাংলাদেশ পোয়েটস্ ক্লাবের মহাপরিচালক ড. সাহেদ মন্তাজ।
আয়োজক সূত্রে জানা গেছে, দিনব্যাপী এ সম্মেলনে সাহিত্য, কবিতা, ভাষা, সংস্কৃতি ও সৃজনশীল চর্চা নিয়ে বিভিন্ন পর্বে আলোচনা অনুষ্ঠিত হবে। পাশাপাশি দেশের সাহিত্য অঙ্গনের বিশিষ্টজনদের অংশগ্রহণে মতবিনিময়, অভিজ্ঞতা বিনিময় এবং সাহিত্যচর্চাকে আরও গতিশীল করার নানা দিক তুলে ধরা হবে।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার হলে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে কবি-সাহিত্যিক, গবেষক, শিক্ষক, শিক্ষার্থী এবং সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণে সম্মেলনটি একটি গুরুত্বপূর্ণ সাহিত্য মিলনমেলায় পরিণত হবে বলে আয়োজকদের প্রত্যাশা।
বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা এবং সৃজনশীল সাহিত্যচর্চার পরিবেশ আরও বিস্তৃত করার লক্ষ্যেই এ জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।







