অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় বুধবার পালিত হয়েছে বিশ্ব মান দিবস। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘করতোয়া’য় জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আঞ্চলিক কার্যালয়, বগুড়ার যৌথ উদ্যোগে এক আলোচনা সভায় বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান সভাপতিত্ব করেন।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার উপ পরিচালক ও অফিস প্রধান মো. জহুরুল হক। তিনি বিএসটিআইয়ের বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং বাজার তদারকি জোরদার করার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তবে চলতি বছর বগুড়ায় বিএসটিআইয়ের ১১৭টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানা গেছে।
সভায় উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদ প্রশাসক এ. কে. এম. আহসানুল তৈয়ব জাকির, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মো. আসাদুজ্জামান এবং বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম এস এম আতিকুর রহমান বাদল। অনুষ্ঠানের নির্ধারিত উন্মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এতে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল, রাজা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হান্নান, আকিজ অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ সৌরভ সরকার এবং বিসিএল টাইলস লিমিটেডের প্রশাসন ও অর্থ বিভাগের কর্মকর্তা আরিফুল হোসেন আরিফ।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, বিএসটিআই-এর কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,এক বছরে বগুড়ায় বিএসটিআইয়ের ১১৭টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বগুড়া বিএসটিআইয়ের চলতি অর্থ বছরে পণ্যের মান নিয়ন্ত্রণ, সঠিক ওজন নিশ্চিত করা এবং ভেজাল ও অনিয়ম প্রতিরোধে বগুড়ায় ১১৭টি মোবাইল কোর্ট পরিচালনা করে । সূত্র অনুযায়ী, এ সময়ে ৬ হাজার ৪২২টি ওজন ও পরিমাপক যন্ত্রের সঠিকতা যাচাই এবং জ্বালানি সংরক্ষণের স্টোরেজ ও আন্ডারগ্রাউন্ড ট্যাংক যাচাই করা হয়েছে ৭৭টি। পণ্যের মান যাচাই ও বাজার তদারকির অংশ হিসেবে ১১৩টি সার্ভিল্যান্স ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ ছাড়া নিয়মিত আইনি কার্যক্রমের আওতায় দুটি মামলা দায়ের করা হয়েছে।







