আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষেহ দায়িত্বপূর্ণ এলাকার অন্তর্গত ২০টি পূজামন্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৬ হতে ২২ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত ০৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার মনাকষা, গোদাগাড়ী, ওয়াহেদপুর ও হাকিমপুর বিওপি’র আওতাধীন ১০টি পূজামন্ডপ এলাকায় ০৪ প্লাটুন এবং ব্যাটালিয়ন সদরের নিকটবর্তী ১০টি পূজা মন্ডপ এলাকায় ০২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে। এর পাশাপাশি ব্যাটালিয়ন সদর দপ্তরে ০২ প্লাটুন বিজিবি সদস্য সংরক্ষিত হিসেবে রাখা হবে। ইতোমধ্যেই সকল পূজামন্ডপ এলাকার রেকি ও প্রস্তুতিমূলক টহল সম্পন্ন করা হয়েছে। এছাড়াও গোয়েন্দা নজরদারি, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে । বিশেষ করে গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানির বিষয়ে সতর্ক নজরদারি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি অদ্য ১৫ অক্টোবর ২০২৬ তারিখ পূজামন্ডপ এলাকায় দায়িত্বরত বিজিবি সদস্যদের সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকায় সনাতন ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে তাদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে এবং এ বিষয়ে সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।







