শারদীয় দুর্গাপূজা ঘিরে গাইবান্ধায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করেছে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। জেলার ৬২৬টি মন্দির ও মণ্ডপে পূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত পর্যাপ্তসংখ্যক এসআরবি সদস্য মোতায়েন থাকবেন।
বৃহস্পতিবার বিকেলে স্থানীয় কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে আয়োজিত প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-১৩, গাইবান্ধা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহা. রেজাউল হক।
তিনি বলেন, পূজায় কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি গুজব ও সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার ও শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে সবাইকে দায়িত্বশীল আচরণের অনুরোধ জানান এসআরবির এই কর্মকর্তা। প্রেসব্রিফিংয়ে সনাতন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







