রংপুরের পীরগঞ্জে জায়গা দখল ও চাঁদা দাবির জেরে এক ব্যক্তির নির্মাণাধীন স্থাপনার কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী আমিনুল ইসলাম জীবনের নিরাপত্তা চেয়ে এক জামায়াত নেতার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগকারী ও স্থানীয় সূত্রে জানা যায়, পীরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমিনুল ইসলাম ক্রয়সূত্রে মালিকানাধীন নিজ সম্পত্তিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ করছিলেন। গত ৬ জুলাই সকাল ৯টার দিকে শানেরহাট ইউনিয়নের ছোট পাহাড়পুরের বাসিন্দা বাতেন মিয়া, বাদল মিয়া ও অজ্ঞাতনামা আরও ১০-১১ জন দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় তারা নির্মাণাধীন কাজে বাধা দেয় এবং আমিনুল ইসলামের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, বাতেন মিয়া শানেরহাট ইউনিয়ন জামায়াতের একজন নেতা। তিনি এলাকায় বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা আমিনুল ইসলামসহ তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। ফলে বর্তমানে নির্মাণ কাজ বন্ধ রয়েছে।
ভুক্তভোগী আমিনুল ইসলাম বলেন, “আমি বৈধভাবে আমার সম্পত্তির মালিক এবং সেখানে প্রাচীর নির্মাণ করছিলাম। কিন্তু তারা অস্ত্রের ভয় দেখিয়ে ও গালিগালাজ করে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।” ঘটনার বিষয়ে স্থানীয় সাক্ষী সিমা বেগম, রবিউল মিয়া ও রিপন মিয়াসহ অনেকেই ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি তদন্তাধীন এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”







