, ,

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্ত্রীর গলাকাটা লাশ এবং গুরুতর আহত অবস্থায় স্বামীকে উদ্ধার

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে গৃহবধূ রহিমা আক্তার (৩৪) গলা কাটা লাশ এবং স্বামী এমরান হোসেনকে (৩৮) আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আহত এমরানকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) ভোরে মহানগরী কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় একতা টাওয়ারের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে পুলিশ তাদের উদ্ধার করে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার  অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের রহিমা (৩৪) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতলি গ্রামের সুরুজ আলীর ছেলে এমরানের স্ত্রী। রহিমা স্থানীয় পোশাক কারখানায় চাকরি করলেও বর্তমানে বাসায় থাকতো এবং এমরান পেশায় কসাই ছিলেন। এমরান স্ত্রী রহিমা ও সৎ মেয়ে শারমিনকে নিয়ে একতা টাওয়ারের পঞ্চম তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত বসবাস করতেন। এটি তাদের দু’জনেরই দ্বিতীয় বিয়ে ছিল। পুলিশের একটি সূত্র জানায়, এমরানের আগের ঘরের মেয়ে শারমিন (১৬) তার বাবার সাথে এবং তার দুই বন্ধু একই ফ্ল্যাটের পাশের কক্ষে থাকতো। তার টিকটক করতো। ঘটনার পর শারমিনের দুই বন্ধুর কাউকে বাসায় পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা তাদের বাসায় ঢুকে এমরান ও রহিমাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই রহিমার মৃত্যু হয় এবং তার স্বামী আহত হয়।কোনাবাড়ী থানার উপ- পরিদর্শক (এসআই) পাপন হোসেন বলেন, বহুতল ভবনে মরদেহ পড়ে থাকার খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রহিমার লাশ উদ্ধার করে। এসময় আহত অবস্থায় এমরান হোসেনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই বাসা থেকে এমরানের মেয়ে শারমিনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং সিআইডিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।গাজীপুর মেট্রোপলিটন পুলিশ  কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, মরদেহ উদ্ধারের পর ওই ফ্ল্যাটে তল্লাশির সময় এমরান হোসেনের পালস পাওয়া গেলে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রহিমার মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটক শারমিনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।