, ,

রংপুরে চার খুনের ঘটনায় জুডিশিয়াল তদন্তের দাবি আইনজীবী – সঞ্জয় কুমার দের

নিউজটি শেয়ার করুন

রংপুরের শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে খুনের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ও ভয়েস অব লইয়ার্স কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দে দুর্জয়। তিনি এই নৃশংস হত্যাকাণ্ডের সঠিক রহস্য উদ্ঘাটনে ও দোষীদের শাস্তির আওতায় আনতে একটি উচ্চতর জুডিশিয়াল তদন্ত কমিটি গঠন করার দাবি জানিয়েছেন।
​সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত বৃহস্পতিবার রংপুরের শাপলা চত্বরস্থ জামায়াতের দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক শিক্ষকসহ তার পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় প্রশাসনের ব্যর্থতার কথা উল্লেখ করেন। তিনি জানান, সরকার গোয়েন্দা সংস্থার পেছনে হাজার হাজার কোটি টাকা খরচ করলেও এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের কোনো সঠিক ক্লু বের করা সম্ভব হয়নি।
​এই খবরের প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট সঞ্জয় কুমার দে দুর্জয় এক বিবৃতিতে বলেন, “এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ও আশঙ্কাজনক যে, একটি ভদ্র ও শিক্ষিত পরিবারের চারজন সদস্যকে নির্মমভাবে হত্যা করার পরও আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো হত্যাকাণ্ডের মূল মোটিভ এবং অপরাধীদের শনাক্ত করতে ব্যর্থ হয়েছে। দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরেও খুনের কোনো রহস্য উদ্ঘাটন না হওয়ায় জনমনে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।”
​তিনি আরও বলেন, “যখন আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত নিয়ে প্রশ্ন ওঠে এবং দীর্ঘসূত্রিতা দেখা দেয়, তখন জনগণের বিচার বিভাগের প্রতি আস্থাকে পুনরুজ্জীবিত করার জন্য একটি নিরপেক্ষ ও উচ্চতর তদন্ত প্রয়োজন। এই হত্যাকাণ্ডের ভয়াবহতা বিবেচনায় আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন মাননীয় বিচারপতির নেতৃত্বে একটি জুডিশিয়াল তদন্ত কমিটি গঠনের দাবি জানাচ্ছি।”
​অ্যাডভোকেট সঞ্জয় কুমার দে দুর্জয় আরও যোগ করেন, “একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জুডিশিয়াল তদন্তের মাধ্যমে হত্যার পেছনের প্রকৃত কারণ এবং এই অপরাধে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা সম্ভব হবে। ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ অপরিহার্য।”