নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাওরান বাজার এলাকার জলাবদ্ধতা নিরসন এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ রাস্তা সংস্কার ও নির্মাণের লক্ষ্যে সরেজমিন পরিদর্শন করেছেন বিএনপি নেতারা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের কর্মকর্তারা।
পরিদর্শনকালে তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আব্দুল হাই, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, পিএসসি এবং অঞ্চল-৫-এর নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে কাওরান বাজার এলাকার জলাবদ্ধতা নিরসন, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং চলাচলের অনুপযোগী রাস্তা সংস্কার ও নতুন রাস্তা নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
পরিদর্শন শেষে মুহাম্মদ আব্দুল হাই ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীকে ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, ব্যবসায়ী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে দ্রুত ড্রেন নির্মাণ এবং রাস্তা সংস্কার ও নির্মাণকাজ শুরু করার অনুরোধ জানান।
তিনি বলেন, এলাকার জলাবদ্ধতা ও দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে জনসাধারণের চলাচল এবং দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। এ সমস্যা সমাধানে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং রাস্তার প্রয়োজনীয় সংস্কার জরুরি।
এলাকাবাসীর দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
কাওরান বাজার রাজধানীর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা হওয়ায় এখানকার জলাবদ্ধতা নিরসন, উন্নত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা এবং সড়ক অবকাঠামোর উন্নয়ন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ব্যবসায়ী ও পথচারীদের জন্যও গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট কাজ দ্রুত বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগব্যবস্থা ও জনদুর্ভোগ নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।







