, ,

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাইবান্ধা-৫ আসনে বিএনপি প্রার্থী ফারুক আলম সরকারকে শোকজ

নিউজটি শেয়ার করুন

‎
‎
‎
‎
‎নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলম সরকারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
‎বুধবার (১১ ফেব্রুয়ারি) সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয় থেকে কমিটির চেয়ারম্যান তানজির হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ নোটিশ জারি করা হয়।
‎নোটিশে উল্লেখ করা হয়, মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে ৬ নম্বর ঘুরিদহ ইউনিয়নে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগদান করেন। ওই যোগদান অনুষ্ঠান ফেসবুকে সরাসরি প্রচার করে বিএনপির নির্বাচনি প্রতীক ধানের শীষ-এর পক্ষে ভোট চাওয়া হয়, যা নির্বাচনি আচরণবিধির পরিপন্থী বলে অভিযোগে বলা হয়েছে।
‎এ ঘটনায় বুধবার বিকেল সাড়ে ৪টার মধ্যে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত জবাব দিতে ফারুক আলম সরকারকে নির্দেশ দেওয়া হয়।
‎তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি শোকজ নোটিশের কোনো জবাব দেননি বলে জানিয়েছেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান তানজির হোসেন। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপি প্রার্থী ফারুক আলম সরকারকে শোকজ করা হয়েছে। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও তিনি কোনো জবাব দেননি।
‎এ বিষয়ে বক্তব্য জানতে ফারুক আলম সরকারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।
‎এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল।