যশোরে হানিট্রাপ চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- যশোর শহরের শংকরপুর এলাকার রাজা এবং তাঁর দুই নারী সহযোগী বৃষ্টি ও জারা।
শনিবার (৮ আগস্ট) রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে তাঁদের তিনজনকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, নড়াইলের কালিয়া উপজেলার এক যুবক ফেসবুকে ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে রাজা ওই যুবকের সাথে যোগাযোগ করে তাঁকে ল্যাপটপ নিয়ে যশোরে আসতে বলেন। ওই যুবক তাকে বিশ্বাস করে ল্যাপটপ নিয়ে যশোরে এলে রাজা তাঁকে একটি ঘরে নিয়ে আটকে রাখেন। সেখানে বৃষ্টি ও জারাকে ব্যবহার করে ওই যুবকের সঙ্গে আপত্তিকর ছবি তোলা হয়। পরে এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে একটি মোটরসাইকেল ও ল্যাপটপ নিয়ে নেওয়া হয় এবং তাঁর পরিবারের সদস্যদের ফোন করে টাকা আদায় করা হয়। পরে তাঁকে ছেড়ে দিলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারে এবং ওই যুবককে উদ্ধার করে কোতয়ালি থানায় অভিযোগ করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি থানার এসআই আল আমিন তদন্ত শুরু করেন। তদন্তের একপর্যায়ে শনিবার রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে রাজাকে আটক করেন এবং পরে একই স্থান থেকে বৃষ্টি ও জারাকে আটক করেন।
কোতয়ালি থানার এসআই আল আমিন জানান, এ ঘটনায় ভুক্তভোগী যুবক একটি মামলা দায়ের করেছেন। চক্রটি নারীদের ব্যবহার করে এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানুষকে ফাঁদে ফেলে। পরে ভয়ভীতি দেখিয়ে টাকা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নেয়। আটক আসামীদের বিরুদ্ধে এধরণের একাধিক মামলা রয়েছে এবং এর আগেও তাঁরা আটক হয়েছিলেন। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।







