, ,

ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভিযোগ: নদীভাঙন রোধে দিনরাত কাজ করছে পাউবো, বেড়িবাঁধ ঘিরে পর্যটনের আমেজ ও স্বস্তি

নিউজটি শেয়ার করুন

লক্ষ্মীপুর জেলার কমলনগর, রামগতি এবং পার্শ্ববর্তী নোয়াখালীর হাতিয়া এলাকায় নদীভাঙন রোধে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের একটি অংশে প্রকাশিত ভাঙন ও কাজের স্থবিরতা সংক্রান্ত সংবাদকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, প্রতিকূল আবহাওয়া ও বর্ষার মধ্যেও নির্ধারিত প্যাকেজগুলোতে কাজ অব্যাহত রয়েছে এবং আগামী মৌসুমের আগেই অধিকাংশ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।​ সরেজমিন তথ্য অনুযায়ী, কমলনগর উপজেলার ১ নম্বর চরকালকিনি ইউনিয়ন, ২ নম্বর সাহেবেরহাট ইউনিয়ন, লুদুয়া বাজার ও ফলকন ইউনিয়নের জনতার বাজার এলাকায় কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি রামগতি উপজেলার বড়খেরী থেকে ১ নম্বর চরকালকিনি ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত অংশে প্রতিটি প্যাকেজে কাজ চলমান রয়েছে। বর্ষা মৌসুমেও মাঠপর্যায়ে কাজ বন্ধ রাখা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
​রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়নে চারটি প্যাকেজের আওতায় কাজ চলছে। এর মধ্যে প্যাকেজ নম্বর-১-এর আওতাধীন ১, ২ ও ৩ নম্বর অংশসহ সবগুলো প্যাকেজেই নিয়মিত কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। কাজের মান ও স্বচ্ছতা নিশ্চিত করতে তদারকি জোরদার করা হয়েছে এবং এখানে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই বলে দাবি করা হয়েছে।

​অন্যদিকে, নোয়াখালীর হাতিয়া এলাকায় নতুন করে বরাদ্দ পাওয়া প্যাকেজের আওতায় ডাম্পিং কার্যক্রম চলছে। সংশ্লিষ্টদের মতে, চলমান এই গতি অব্যাহত থাকলে আগামী সিজনের আগেই নির্ধারিত কাজগুলো সম্পন্ন করা সম্ভব হবে। ইতিমধ্যে অনেকগুলো প্যাকেজে প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
​এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী নঈম বলেন, “আমাদের সব সময় কাজ চলে; এই কাজে অনিয়ম করার কোনো সুযোগ নেই।”
​কাজের অগ্রগতিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কমলনগর, রামগতি ও হাতিয়ার স্থানীয় বাসিন্দারা। কমলনগরের আরিফ মাঝি, শরীফ মাঝি, রিয়া, কবির, রাতুল, রাহুল ও মিজান খুশি হয়ে জানান, নদীভাঙনের আর কোনো আশঙ্কা নেই; তাদের এলাকা এখন অনেকটা রিসোর্ট এলাকার মতো হয়ে গেছে। এর ফলে মাঠঘাট, রাস্তাঘাট, ফসলি জমি, মসজিদ-মাদ্রাসা ও স্কুল-কলেজ সুরক্ষিত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
​এছাড়া স্থানীয়দের মধ্যে শরিফ, শাহজাহান মাঝি, সুজন মাঝি, কবির মাঝি ও মিজান মেম্বার গণমাধ্যমকর্মীদের জানান, নদীভাঙন রোধের বেড়িবাঁধ নির্মাণের ফলে এলাকাটি রিসোর্ট এলাকার রূপ পেয়েছে। এখন নোয়াখালী, চট্টগ্রাম, ফেনীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ নদী দেখতে এবং বেড়িবাঁধে ঘুরতে আসছেন।
​স্থানীয় সচেতন মহল ও সংশ্লিষ্টদের একাংশের মতে, ব্যক্তিস্বার্থ হাসিল বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু মহল ভিত্তিহীন ও অতিরঞ্জিত তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করছে। সরেজমিন বাস্তবতার সাথে প্রকাশিত ওই সংবাদের কোনো মিল নেই বলেও তারা মন্তব্য করেন। এ অবস্থায় গুজব বা অপপ্রচারে কান না দিয়ে নদীভাঙন রোধে চলমান সরকারি উন্নয়ন কার্যক্রমকে গতিশীল রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।