, ,

বিএমডিএর পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি

নিউজটি শেয়ার করুন

 

 

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হয়েছেন মাসউদা আফরোজ শুচি। গত ২৪ নভেম্বর ২০২৬ তারিখে তিনি এ পদে নির্বাচিত হন।

 

নতুন এ দায়িত্ব পাওয়ার পর এক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা বার্তায় মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া আদায় করেন মাসউদা আফরোজ শুচি। একই সঙ্গে তাঁকে এ দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

 

নিজের অনুভূতি প্রকাশ করে মাসউদা আফরোজ শুচি বলেন, “সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছি—আলহামদুলিল্লাহ। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতন্ত্রের মা, আপসহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। মহান আল্লাহ তায়ালা তাঁদের জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন।”

 

তিনি আরও বলেন, “২৪ নভেম্বর ২০২৬ তারিখে আমাকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত করায় নতুন বাংলাদেশের রূপকার, বাংলাদেশের গণমানুষের হৃদয়ের স্পন্দন মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।”

 

এ ছাড়া তাঁর এ দায়িত্বপ্রাপ্তির পেছনে যাঁরা নিরলস পরিশ্রম, পরামর্শ ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

 

নবনির্বাচিত এ সদস্য বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী বিএমডিএর নবগঠিত পরিচালনা পর্ষদে আমাকে যে দায়িত্ব অর্পণ করেছেন, তা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করব, ইনশাআল্লাহ। এ পথচলায় সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

 

এদিকে মাসউদা আফরোজ শুচির এ দায়িত্বপ্রাপ্তিতে তাঁর শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট মহল অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন, কৃষি ও সেচব্যবস্থার অগ্রগতি এবং জনকল্যাণমূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।