, ,

সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

নিউজটি শেয়ার করুন

খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশনের উদ্যোগে সিরাজগঞ্জের ৯টি উপজেলার ১৫৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম ও ১০ম শ্রেণির ৮৫২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সকালে বেলকুচি উপজেলার চালা গ্যারেজ এলাকার আলহাজ সিদ্দীক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই বৃত্তি ও সম্মাননা তুলে দেওয়া হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সম্মাননা সনদ তুলে দেন খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান।
​সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) গণপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান, বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম,জেলা শিক্ষা কার্যলয়ের অতিরিক্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ মোঃ মোক্তারুজ্জামান। ​অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রেখেছেন আলহাজ সিদ্দীক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম সরকার (সোহেল) এবং স্বাগত বক্তব্য রেখেছেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেহেদী হাসান মাসুদ। এই সময়ে ​বক্তারা তাঁদের বক্তব্যে বলেছেন,মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই ধরনের বৃত্তি প্রদান একটি অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা। ​অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,অভিভাবক, শিক্ষক,সুশীল সমাজের প্রতিনিধি,সাংবাদিক ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ উপস্থিত ছিলেন। ​আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়েছে। পরে অতিথি ও শিক্ষার্থীরা এক আনন্দঘন পরিবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছেন। মেধাবী শিক্ষার্থীদের এমন মূল্যায়ন ও উৎসাহ প্রদান করায় খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীরা।