সাঁঝের বাতি জ্বলে
কি করেছি, কী চেয়েছি,
আর কী-ই বা পেয়েছি—
জীবনের সেই হিসাব মেলানোর
সময় হয়ে ওঠেনি কখনো।
সময়ের ব্যবধানে
দুপুর গড়িয়ে যায় বিকেলের দিকে,
রোজই অবাক বিস্ময়ে ভাবি—
এই বুঝি সন্ধ্যা নেমে এলো
দূর আকাশের নীলিমা ছুঁয়ে।
প্রেয়সী আমার বসে আছে একা,
চেয়ে আছে পথের পানে;
হৃদয়ের যত না-বলা কথা
জমে আছে তার অভিমানে।
সেই কথাগুলো শোনার আশায়
ব্যাকুল হৃদয় নিয়ে
সাঁঝের প্রদীপ জ্বলে আজও
নির্জন অপেক্ষার ঘরে।
মনের গহিন কোণে
কখন যে তারই জন্য
বিনাসুতোর এক মালা গেঁথেছি,
নিজেও জানিনি তার শেষ।
সে বলেছিল, আসবে একদিন—
সেই প্রতিশ্রুতির আলোয়
যেন পথ চেয়ে আছি নিরন্তর;
আজও আসা হলো না তার,
ফুরোল না অপেক্ষার রেশ।
Views: 9







