মোঃ নজরুল ইসলাম (খোকন) সাভার (ঢাকা) থেকে : সাভারে বসবাসরত ধামরাই উপজেলার বাসিন্দাদের মধ্যে পারস্পরিক সংহতি বৃদ্ধি এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে করণীয় নির্ধারণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ জানুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যায় সাভারের ব্যাংক কলোনিস্থ ‘দেওয়ান ইদ্রিস ভিলা’ প্রাঙ্গণে এই সভা আয়োজিত হয়।
ধামরাই থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রকিবুর রহমান খান ফরহাদ-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, “সাভার ও ধামরাই ভৌগোলিকভাবে একে অপরের পরিপূরক। সাভারে বসবাসরত ধামরাইয়ের নাগরিকরা এই অঞ্চলের অর্থনীতি ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বর্তমান সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধামরাই ও সাভারের এই সেতুবন্ধন আগামী দিনে জাতীয়তাবাদী শক্তির হাতকে আরও শক্তিশালী করবে।
সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ (ধামরাই) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, “ধামরাইয়ের মানুষ যেখানেই থাকুক, তাদের হৃদয়ে ধামরাইয়ের মাটি ও মানুষ রয়েছে। সাভারে বসবাসরত ধামরাইবাসীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, তারা দেশের গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে আপসহীন। ধামরাইয়ের উন্নয়নে এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদের ভেদাভেদ ভুলে কাজ করতে হবে।”
সভাপতির বক্তব্যে রকিবুর রহমান খান ফরহাদ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, সাভারে অবস্থানরত ধামরাইয়ের সকল নেতাকর্মী ও সাধারণ মানুষের যেকোনো প্রয়োজনে বিএনপি সবসময় পাশে থাকবে।
মতবিনিময় সভায় সাভার ও ধামরাই থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাভারে বসবাসরত ধামরাইয়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা আগামী দিনের রাজনৈতিক আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করার শপথ নিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।







