নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীকে দিয়ে পরীক্ষাপত্র মূল্যায়নের অভিযোগে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার একজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষক নিজে উত্তরপত্র না দেখে তার ছাত্রকে দিয়ে মূল্যায়নের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। জানা যায়, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের বাংলা প্রভাষক মো. রিপন হোসেন তার ছাত্রকে দিয়ে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করিয়েছেন।
বিষয়টি দৃষ্টিগোচর হওয়ামাত্র শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
নির্দেশনার পর, পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অবহেলার অভিযোগে গত ৩ আগস্ট তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানাযায়। শিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শিবলী সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।







