, ,

শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়-ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

নিউজটি শেয়ার করুন

উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন, গবেষণা সম্প্রসারণ এবং একাডেমিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) রাজধানীর বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এবং ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ ফারহাত আনোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধি শুধু অবকাঠামোগত উন্নয়নের ওপর নির্ভর করে না। এর জন্য প্রয়োজন মানসম্মত গবেষণা, নতুন জ্ঞান সৃষ্টি এবং পারস্পরিক সহযোগিতা।”
তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির যৌথ উদ্যোগ বিপুলসংখ্যক শিক্ষার্থীর জন্য মানসম্মত ও সময়োপযোগী শিক্ষা নিশ্চিত করতে সহায়ক হবে। যৌথ গবেষণা, একাডেমিক আদান-প্রদান ও উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের জ্ঞানচর্চার সুযোগ আরও সম্প্রসারিত হবে।
ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, “একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব শুধু জ্ঞান সৃষ্টি বা শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়; সেই জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং এর মাধ্যমে সমাজ ও জনগোষ্ঠীকে ক্ষমতায়ন করাও আমাদের দায়িত্ব।”
তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের দেশব্যাপী বিস্তৃতি এবং ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতাকে একত্রিত করে দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষার ইতিবাচক প্রভাব আরও বিস্তৃত করা সম্ভব হবে।
সমঝোতা স্মারকের আওতায় দুই বিশ্ববিদ্যালয় যৌথ গবেষণা পরিচালনা, শিক্ষা ও প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময়, শিক্ষক-শিক্ষার্থীদের একাডেমিক দক্ষতা বৃদ্ধি এবং উদ্ভাবনী উদ্যোগে পারস্পরিক সহযোগিতা করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসাইন, ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম, কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া, মাল্টি-ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কোঅর্ডিনেটর মো. সাইফুল ইসলাম শাহীন এবং ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের চেয়ারম্যান শেখ মুজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী, ট্রেজারার আরিফুল ইসলাম, রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, জেমস পি. গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ ও সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন অফিসের পরিচালক অধ্যাপক ড. মালয় কান্তি মৃধা, লার্নিং অ্যান্ড টিচিং ইনোভেশন সেন্টারের (LTIC) পরিচালক অধ্যাপক মো. গোলাম সামদানি ফকির, ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. এরুম মারিয়ামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।