
অমিতাভ চৌধুরী, কেশবপুর (যশোর):
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি মালোপাড়ায় এবার প্রথমবারের মতো নিজস্ব মন্দিরে সার্বজনীন দুর্গাপূজা উদযাপন করছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। কপোতাক্ষ নদের তীর ঘেঁষে নির্মিত হয়েছে সাগরদাঁড়ি কপোতাক্ষ সার্বজনীন পূজা মন্দির। নতুন মন্দিরকে ঘিরে মালোপাড়ার ৯৮টি পরিবারের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এর আগে সাগরদাঁড়ি মালোপাড়ার বাসিন্দারা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ির অভ্যন্তরে অবস্থিত মন্দিরে দুর্গাপূজায় অংশগ্রহন করতেন । তবে মালোপাড়া থেকে ওই মন্দিরে যাতায়াত করতে কিছুটা দূরত্ব অতিক্রম করতে হতো। ফলে পূজার বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পাঠে অংশ নিতে স্থানীয়দের নানা ধরনের অসুবিধার মুখোমুখি হতে হতো।
দীর্ঘদিনের এই প্রয়োজনের কথা বিবেচনা করে এবার মালোপাড়ার বাসিন্দারা নিজেদের এলাকায় একটি মন্দির নির্মাণের উদ্যোগ নেন। কপোতাক্ষ নদের তীর ঘেঁষে নির্মাণ করা হয় নতুন এই মন্দির। আর সেই মন্দিরেই এবার প্রথমবারের মতো নিজেদের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উদযাপন করছেন তারা।
পূজা উদযাপন কমিটির সভাপতি অসিম বিশ্বাস এবং সাধারণ সম্পাদক উত্তম বিশ্বাস। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন পবিত্র হালদার। তাদের নেতৃত্ব ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রথমবারের মতো নিজস্ব মন্দিরে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা অশোক বিশ্বাস বলেন, “আগে আমাদের এলাকার মানুষকে দুর্গাপূজায় অংশ নিতে মাইকেল মধুসূদন দত্তের বাড়ির মন্দিরে যেতে হতো। দূরত্বের কারণে বিভিন্ন সময় নানা অসুবিধা হতো। এবার নিজেদের এলাকায় মন্দির নির্মাণ করে প্রথমবারের মতো দুর্গাপূজা করতে পারায় আমরা খুবই আনন্দিত।”
কোষাধ্যক্ষ পবিত্র হালদারের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন মন্দিরে প্রথমবারের মতো দুর্গাপূজা আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় মন্দিরকে ঘিরে ভবিষ্যতে আরও বড় পরিসরে ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা করছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, নিজেদের এলাকায় মন্দির প্রতিষ্ঠার ফলে এখন ধর্মীয় অনুষ্ঠান ও পূজার বিভিন্ন আয়োজনে অংশ নেওয়া তাদের জন্য সহজ হবে। একই সঙ্গে নতুন এই মন্দিরকে কেন্দ্র করে এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সামাজিক বন্ধন আরও দৃঢ় হবে বলে তারা আশা করছেন।
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত সাগরদাঁড়ির কপোতাক্ষ তীরের এই মালোপাড়ায় নিজেদের মন্দিরে প্রথম দুর্গাপূজার আয়োজন তাই স্থানীয় বাসিন্দাদের জন্য শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণেরও উপলক্ষ হয়ে উঠেছে।







