, ,

ভারতে যাওয়ার পথে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে তিন সঙ্গীসহ যশোরের ঝুমঝুমপুর থেকে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ।

বুধবার (২৯ জুলাই) ভোর ৩টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডেভিড ইমন দীর্ঘদিন ধরে চট্টগ্রামে হত্যা, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে চট্টগ্রামে হত্যাসহ ৯টি ফৌজদারি মামলা রয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশের দেওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান সনাক্ত করা হয়। পরে যশোর ডিবি পুলিশের চারটি দল ও কোতয়ালি থানা পুলিশের সমন্বয়ে ঝুমঝুমপুর মহাসড়কের উপরে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। তারা যশোর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনার কথা স্বীকার করেছে। তাদেরকে সকাল ১০টার সময় চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মিরাজুল ইসলাম।